• নবদ্বীপে নকল দুধের কারবারের পর্দাফাঁস, দুধ কারখানায় হানা দিল পুলিশ
    দৈনিক স্টেটসম্যান | ২৬ আগস্ট ২০২৬
  • নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। রাসায়নিক মিশিয়ে দুধ তৈরি হতো বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়। কারণ দেখে মনে হবে দুধ। আসলে সেটা দুধের আড়ালে তৈরি বিষ! ১০০ লিটার দুধের প্রায় ৮০ শতাংশই ভেজাল বলে অভিযোগ উঠেছে। নবদ্বীপের একটি দুধ কারখানায় হানা দিতেই চোখ কপালে উঠেছে পুলিশের। কারণ সেখানে গিয়ে পুলিশ দেখতে পান, বিপুল পরিমাণ রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড দিয়ে তৈরি করা হচ্ছে দুধ। ওইসব জিনিস উদ্ধার করা হয়েছে। কারখানা বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া জেলার নবদ্বীপের মহিশুড়ার ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় একটি দুধ তৈরির কারখানায় হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ। সেখানে হানা দিয়ে উদ্ধার করা হয় নানা ধরণের রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড এবং দুধ। একাধিক রাসায়নিক মিশিয়ে দুধ তৈরি হতো বলে অভিযোগ উঠেছে। পুলিশ তল্লাশি চালানোর পর ওই ভেজাল দুধ তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় ভেজাল দুধ তৈরি করা হয়। ওই অভিযোগের উপর ভিত্তি করে হানা দিয়ে পুলিশ দেখতে পায় সেখানে বিপুল পরিমাণ রাসায়নিক, পাউডার, ওষুধ, লিকুইড ছড়িয়ে রয়েছে। তরল দুধ তৈরির জন্য সেগুলি ব্যবহার করা হতো। ওই কারখানা থেকে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মানুষজন।

    স্থানীয় সূত্রে খবর, ২০ লিটার ভাল দুধের সঙ্গে নানা রাসায়নিক, ওষুধ মিশিয়ে প্রায় ১০০ লিটার তরল দুধ তৈরি করা হতো ওই কারখানায়। পরে সেই দুধ প্যাকেটে এবং কন্টেনারে ভরে নানা এলাকায় এবং দুধের সংস্থায় সরবরাহ করা হতো। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতা শশধর নন্দী জানান, গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে রাসায়নিক মিশিয়ে তরল দুধ তৈরি করার কাজ দেখতে পান তাঁরা। যে ব্যক্তিকে ধরা হয়েছে, তিনি কারখানার মালিকের ভাগ্নে। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হবে।

    তাছাড়া পুলিশ সূত্রে খবর, অভিযান চালানোর সময় কারখানার ভিতরে রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির কাজ চলছিল। কারখানার এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানায় একটি দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির বোর্ড দেখা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ওই বোর্ডে লেখা আছে, নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেড। আছে রেজিস্ট্রেশন নম্বরও। বোর্ডে উল্লেখ রয়েছে ওই সমিতি দি কিষাণ কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের অন্তর্গত। ওই সমবায় সমিতির সঙ্গে ওই কারখানার কার্যকলাপের কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)