হরিদ্বারে হত্যাকাণ্ড! রাখির আগের দিন ভাইয়ের হাতে খুন ২ দিদি, নেপথ্যে কী কারণ?
প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৬
রাত পোহালেই রাখি। ভাই-বোনেদের বন্ধনের উৎসব। ছোট থেকে ভাইয়ের হাতে রাখি বাধত দুই দিদি। এবার রাখি উৎসবের আগে সেই ভাইয়ের হাতেই মর্মান্তিক পরিণতি দুই দিদির! হরিদ্বারে (Haridwar) দুই দিদিকে নৃশংসভাবে খুন করল যুবক। তাঁর হাতে গুরুতর জখম হয়েছেন এক ভগ্নিপতিও।
উত্তরাখণ্ডের গাংনাহার এলাকায় মঙ্গলবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, রুরকির গণেশপুর এবং আজাদনগরে নিজের দুই দিদির বাড়িতে গিয়ে নৃশংস ভাবে তাঁদের খুন করে বিবেক। প্রথমে আজাদনগর এলাকায় পুষ্পা নামে দিদির বাড়িতে পৌঁছয় ওই যুবক, সেখানে গিয়ে দিদিকে লক্ষ্য করে গুলি চালায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৮-র ওই মহিলার। এরপর গণেশপুরে আরেক দিদি শকুন্তলার বাড়িতে পৌঁছয় বিবেক। সেখানে গিয়ে দিদি ও ভগ্নিপতিকে লক্ষ্য করে পরপর চলে এলোপাথারি গুলি। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৫০ বছর বয়সি দিদি। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধী বিবেকের ভগ্নিপতি।
খবর পেয়েই স্থানীয় দুই থানা থেকে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই দিদির বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর পরই পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তাঁর খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, সম্পত্তি জনিত কোনও বিবাদ না কি অন্য কোনও কারণে ওই জোড়া খুন, তা জানতে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷ ঘটনাস্থলে পৌঁছন হরিদ্বারের পুলিশ সুপার সহ পুলিশের শীর্ষ আধিকারিকরাও।