• হাওড়ার আবাসনে বিধ্বংসী আগুন, মৃত্যু বৃদ্ধার, অশক্তদের পাঁজাকোলা করে উদ্ধার দমকলের
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৬
  • হাওড়ার আন্দুলের একটি আবাসনে বিধ্বংসী আগুন (Howrah Fire) ! বহুতলে আটকে পড়েন একাধিক বাসিন্দা। আগুনে ঝলসে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম গোপা মুখোপাধ্যায়। তাঁর নিজের ফ্ল্যাটে তিনি আটকে পড়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরাই বহুতলে ঢুকে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন। আগুনে কয়েকজন বাসিন্দার শরীরের অংশ ঝলসে গিয়েছে। ধোয়ায় কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্দুলের অঙ্কুরহাটি এলাকায় ওই আবাসন রয়েছে। একটি বহুতলের উপর দিকে এদিন বেলা একটা নাগাদ ধোয়া বের হতে দেখা যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই লেলিহান শিখা আরও ছড়িয়ে যায়। ছুটোছুটি পড়ে যায় আবাসনে। প্রাণ বাঁচাতে বাসিন্দারা বাইরে চলে আসেন। বৃদ্ধ ও শিশুদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তিনতলার কোনও একটি ফ্ল্যাটে ওই আগুন লাগে। এরপর দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে বলে খবর।

    দমকলের পাঁচটি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে। সেসময় বহুতলের ভিতর বেশ কয়েকজন আটকে থাকার খবরও সামনে আসে। ঝুঁকি নিয়েই দমকলকর্মীরা একে একে ওই বহুতলের ভিতরে ঢোকেন। উপরতলার একটি ফ্ল্যাটে ওই বৃদ্ধা বাস করতেন। ফ্ল্যাটের দরজা ভেঙে দমকলকর্মীরা ভিতরে ঢোকেন। বিছানার মধ্যেই পড়েছিলেন বৃদ্ধা। শরীর ঝলসে গিয়েছিল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, তিনি মারা গিয়েছেন। আগুন, ধোয়ায় অনেকেই জখম, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জনা ১২ বাসিন্দা আবাসনের ভিতরে আটকে পড়েছিলেন। দমকলের কর্মীরা তাঁদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। অল্পের জন্য অনেকে প্রাণে রক্ষা পেয়েছেন বলে খবর। সবাইকে উদ্ধার করা হয়েছে বলে দমকল ও পুলিশ সূত্রে খবর।

    কী থেকে আগুন লাগল, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এই আবাসনে কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বলে জানতে পেরেছে দমকল। প্রায় ১০ থেকে ১২টি পরিবার ওই আবাসনে থাকে। অগ্নিকাণ্ডের সময় মহিলা ও বয়স্করাই আগুন লাগার সময় বাড়িতে ছিলেন। দমকলের তৎপরতায় প্রত্যেক আবাসিককে উদ্ধার করা হয়েছে। ওই বহুতল হলেও একটি মাত্র সিঁড়ি রয়েছে। বাইরে বেরনোর আলাদা কোনও ইমারজেন্সি গেটও নেই! গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)