• উত্তরবঙ্গের পর মালদহ মেডিক্যাল! একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যুর রিপোর্ট চাইল স্বাস্থ্যভবন
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৬
  • উত্তরবঙ্গ মেডিক্যালের পর এবার মালদহ মেডিক্যাল কলেজ! একদিনে ১০ নবজাতকের মৃত্যু ঘিরে শোরগোল। প্রথম দিকে মেডিক্যাল কর্তৃপক্ষ বিষয়টি আড়ালের চেষ্টা করে বলে অভিযোগ। তবে নজরে আসতেই এবার তড়িঘড়ি অ্যাকশনে নামল স্বাস্থ্যভবন। এই ঘটনায় মালদহ মেডিক্যালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

    হাসপাতাল সূত্রে খবর, ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের। মালদহ মেডিক্যাল কলেজে ১ হাজার ১২০ টি বেডের প্রসূতি মা ও নবজাতকের জন্য পৃথক একটি ভবন রয়েছে। তৃণমূল জমানায় এর নাম দেওয়া হয়েছিল ‘মাতৃমা’। এই ভবনেই ঘটনাটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে ১০ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আট শিশুকেই আশঙ্কাজনক অবস্থায় এই হাসপাতালে রেফার করা হয়েছে। ওই দিনই মালদহ মেডিক্যাল কলেজে জন্ম নেওয়া দু’টি শিশুও মারা যায়।

    অভিযোগ, প্রথমদিকে এই বিষয়টি সামনে আনতে চায়নি মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তবে কিছুদিন পরে স্বাস্থ্য দফতরের সাইটে মৃত্যুর তথ্য আপলোড হতেই বিষয়টি নজরে আসে স্বাস্থ্য দপ্তরের। এরপরই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। শ্বাসকষ্ট, জন্ডিস সহ একাধিক কারণে মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ ছিল। তবে একই দিনে ১০ শিশুর মৃত্যুর বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্যভবন। পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে হাসপাতালের কাছ থেকে। মালদহ মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানান, “১০টি শিশুর মধ্যে মাত্র দু’জন শিশুর জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল।” তিনি জানান, এ নিয়ে স্বাস্থ্যভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আপাতত তার প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে, পরবর্তীতে পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠানো হবে। বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরে এ নিয়ে বৈঠক হয়েছে। এক আধিকারিকের কথায়, “একটি জেলায় একটি সপ্তাহে শিশুমৃত্যুর হার গোটা রাজ্যের শিশুমৃত্যুর পরিসংখ্যানকে প্রভাবিত করেছে। সারা দেশের প্রেক্ষিতেও এই ঘটনা উদ্বেগজনক।” আগস্টের দ্বিতীয় সপ্তাহেই দু’দিনে ১০ শিশুর মৃত্যু হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। একের পর এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল। 

    প্রসঙ্গত, কয়েকদিনের ব্যবধানেই ফের খবরের শিরোনামে উঠে এল মালদহ মেডিক্যাল কলেজ। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই পরিবেশ দেখে বিতর্ক তৈরি হয়েছিল। দেখা গিয়েছিল, হাসপাতালের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। তার মধ্যেই চলছে চিকিৎসা। রোগী যে বেডে শুয়ে আছেন তার পাশের বেডেই রাখা ইঁদুর ধরার কল। পদক্ষেপের বার্তা দিয়েছিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এবার মালদহ মেডিক্যালে নবজাতকের মৃত্যুতে ফের স্বাস্থ্য দপ্তরের প্রশ্নের মুখে এই সরকারি হাসপাতাল।
  • Link to this news (প্রতিদিন)