আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে ২৪ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার। তাতে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধিদের রাখা হয়েছে। তবে, বাদ পড়েছেন গিল্ডের বর্তমান সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সভাপতি সুধাংশুশেখর দে। আগামী বছর ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সই করা একটি নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে, গত ১৭ ও ২১ অগস্ট কলকাতা বইমেলা নিয়ে বৈঠক হয়েছে নবান্নে। ওই বৈঠকে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ন্যাশনাল বুক ট্রাস্ট ও জনশিক্ষা প্রসার দপ্তরের প্রতিনিধিরা। মূলত বইমেলার প্রস্তুতি এবং পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এই অ্যাডভাইজ়রি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৪ জনের কমিটিতে রয়েছেন রামকৃষ্ণ মিশনের স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী সারস্বতানন্দ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে, রাজকুমার বর্মন, দেবজিৎ সরকার, সপ্তর্ষি চৌধুরি, প্রসেনজিৎ বক্সি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুকেশ মণ্ডল, মোহিত রায়, ওসমান গণি, আশিস গিরি প্রমুখ।
২০২৭ কলকাতা বইমেলা যৌথ ভাবে আয়োজন করবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি, ন্যাশনাল বুক ট্রাস্ট। তাদের পরামর্শ দেবে রাজ্য সরকারের গঠিত এই ২৪ জনের কমিটি। দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন।