ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো জনপ্রিয় ইউটিউবার ছবি বর্ষ্ণেয়র (২৩)। প্রাণ হারিয়েছেন তাঁর মা সারিকা বর্ষ্ণেয়ও (৫০)। গুরুতর জখম তাঁর বাবা, এক আত্মীয় ও গাড়ির ড্রাইভার। মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের রামাখেড়ি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ছবির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর প্রায় ৭ লক্ষ ফলোয়ার্স।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ছবির বাড়ি উত্তরপ্রদেশের হাথরসে। শুরুতে লাইফস্টাইল কনটেন্ট বানাতেন তিনি। পরে অনলাইন গেমিং কনটেন্ট বানানো শুরু করেন। মঙ্গলবার সকালে সপরিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে যাচ্ছিলেন তাঁরা। রামখেড়ি গ্রামের কাছে উজ্জয়িন-গরোঠ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে ছবিদের গাড়ি।
বিকট শব্দে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ছবিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ছবি ও তাঁর মা সারিকার। সেই অবস্থাতেই তাঁদের হাসপাতালে আনা হয়। ছবির বাবা শ্যামলাল, আত্মীয় সূর্যপাল ও গাড়ির চালক সচিনকে প্রাথমিক চিকিৎসার পরে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
ছবির খুড়তুতো ভাই সচিন বর্ষ্ণেয় বলেন, ‘ছবি বরাবরই মেধাবী। স্নাতক হওয়ার পরে অন্য কিছু করতে চেয়েছিল দিদি।’ তবে ইউটিউব চ্যানেল খুলেছিলেন ২০২১-এই। এখন ৭ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। ইনস্টাগ্রামের ফলোয়ার্স সংখ্যাও লক্ষাধিক। পরিবারও সব সময়ে ছবির পক্ষে দাঁড়াতেন বলেও জানিয়েছেন সচিন।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বারোড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছবিদের গাড়িটি ট্রাকের পিছনে ধাক্কা মেরে ঢুকে যায়। দুমড়েমুচড়ে যায় সামনের অংশ। ভিতরে আটকে পড়েছিলেন আরোহীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
প্রশ্ন: দুর্ঘটনায় কার মৃত্যু হয়েছে?
উত্তর: জনপ্রিয় ইউটিউবার ছবি বর্ষ্ণেয় (২৩) এবং তাঁর মা সারিকা বর্ষ্ণেয় (৫০) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
প্রশ্ন: কোথায় দুর্ঘটনাটি ঘটে?
উত্তর: মধ্যপ্রদেশের রামাখেড়ি গ্রামের কাছে উজ্জয়িন-গরোঠ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
প্রশ্ন: দুর্ঘটনার সময় তাঁরা কোথায় যাচ্ছিলেন?
উত্তর: ছবি বর্ষ্ণেয় তাঁর পরিবারের সঙ্গে মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে যাচ্ছিলেন।
প্রশ্ন: আর কারা আহত হয়েছেন?
উত্তর: ছবির বাবা শ্যামলাল, আত্মীয় সূর্যপাল এবং গাড়ির চালক সচিন গুরুতর আহত হয়েছেন।
প্রশ্ন: ছবি বর্ষ্ণেয় কী ধরনের কনটেন্ট তৈরি করতেন?
উত্তর: প্রথম দিকে তিনি লাইফস্টাইল কনটেন্ট তৈরি করতেন। পরে অনলাইন গেমিং কনটেন্ট তৈরি শুরু করেন।
প্রশ্ন: কত জন তাঁর কনটেন্ট অনুসরণ করতেন?
উত্তর: তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭ লক্ষের বেশি। ইনস্টাগ্রামেও তাঁর ফলোয়ার সংখ্যা লক্ষাধিক।
প্রশ্ন: কীভাবে দুর্ঘটনা ঘটেছিল?
উত্তর: পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ছবিদের গাড়িটি সামনে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
প্রশ্ন: পুলিশ কি তদন্ত শুরু করেছে?
উত্তর: হ্যাঁ। বারোড় থানার পুলিশ মামলা করে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।