নেপালের হড়পা বানে নিখোঁজ প্রায় ১৩৩ জন ভারতীয় পর্যটক। হুগলির আরামবাগ থেকে একাধিক পরিবার গত ২৪ অগস্ট নেপাল ভ্রমণে গিয়েছেন। তাঁরা যদিও দুর্যোগস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরে রয়েছেন বলে দাবি। সকলেই নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। বাকি ভ্রমণ বাতিল করে ফিরে আসার জন্য জানানো হয়েছে পর্যটকদের পরিবারের তরফে।
আরামবাগের ওলাই বিবিতলা নামটা চেক থেকে ২৪ অগস্ট বিকেল সাড়ে ৫টা নাগাদ ৬৫ জনের একটি দল নেপালের উদ্দেশে যায়। ৮-৯ দিনের ট্যুরের পরিকল্পনা ছিল। পোখরা ভ্যালি, ইন্টারন্যাশনাল চিতওয়ান পার্ক-সহ আরও একাধিক জায়গা ঘুরে দেওঘর হয়ে ফেরার কথা ছিল তাঁদের। মঙ্গলবার দুপুরের পরে নেপালে নেটওয়ার্কের সমস্যার কারণে পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বর্তমানে তাঁরা চিতওয়ান পার্কের কাছে রয়েছেন বলে জানানো হয়েছে।
বাসের মালিক অরূপ ঘোষ বলেন, ‘আমার বাসেই সবাই গিয়েছেন। যে জায়গায় হড়পা বান হয়েছে সেখান থেকে বাসটা প্রায় ১২০ কিলোমিটার দূরে আছে। চালক, হেল্পার, এজেন্ট এবং যাত্রীদের সঙ্গে কথা হয়েছে। সকলেই সুস্থ আছেন। আমি তাঁদের বলেছি দ্রুত ফিরে আসতে। জীবনের দাম সবার আগে।’ তিনি দাবি করেন, পর্যটকদের মোবাইলে নেটওয়ার্ক না থাকায় পুরোপুরি জানতে পারেননি। ট্যুর অপারেটররা পর্যটকদের সঙ্গেই আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে।
ওই বাসেই গিয়েছেন স্থানীয় বাসিন্দা সৌভাগ্য দত্তের মা বেড়াতে গিয়েছে নেপালে। তিনি বলেন, ‘আমার মা, মামা শ্বশুর-সহ পাড়ার অনেকেই গিয়েছেন। সকাল সাড়ে ৮টার সময় মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল। আমি চাই মা যে কোনও ভাবে ফিরে আসুক। শুধু মা নয়, যাঁরা গিয়েছেন, সবাই যেন নিরাপদে ফেরে। আমি শুধু মায়ের মুখ দেখতে চাই।’
রিপোর্টিং: সুজয় মুখোপাধ্যায়