আচমকা কমে যায় প্লেটলেট, দমদমে ডেঙ্গিতে মৃত ১০ বছরের নাবালক
প্রতিদিন | ২৭ আগস্ট ২০২৬
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১০ বছরের এক নাবালকের। সে দমদমের বাসিন্দা। গত কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছিল। রক্ত পরীক্ষা তার ডেঙ্গি ধরা পড়ে। রক্তে কমে যায় প্লেটলেট। বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।
মৃতের নাম জয়ষ্ণু মজুমদার। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ড বেদিয়া পাড়া রবীন্দ্রনাথ ঠাকুর রোডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জয়ষ্ণু জ্বরে ভুগছিল। তার চিকিৎসাও চলছি। বুধবার সকালে তার প্রবল জ্বর আসে। রক্ত পরীক্ষা করে দেখা যায়, তার ডেঙ্গি হয়েছে। প্লেটলেট অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দুপুর ১টা নাগাদ তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জয়ষ্ণুর মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে। ডেঙ্গির কারণে তাঁর শ্বাসযন্ত্রে অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক দেখা দিয়েছিল। সেই কারণেই তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবারই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আর বুধবারই শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালকের মৃত্যুর খবর সামনে এল। এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ডেঙ্গি নিয়ে রাজ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এই ধরনের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। ডেঙ্গি মোকাবিলায় ফের বৈঠক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।