ভয়াবহ পথ দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের পুঞ্চে। খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। মৃতদের মধ্যে দু’জন মহিলা। ইদ-মিলাদ-উন-নবী (নবী দিবস)-এর সমাবেশ থেকে ফেরার পথে এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
খাদে গাড়ি পড়ে মৃত্যু
পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর,বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটেছে র (Surankote) সেরিকোয়ানার শেলধর এলাকায়। ইদ-মিলাদ-উন-নবীর একটি সমাবেশ থেকে ফেরার পথে, একটি গাড়ি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় ওই গাড়িটি। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের বলে জানিয়েছেন পুঞ্চের ডেপুটি কমিশনার অশোক কুমার শর্মা। খবর পাওয়ার পরেই শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঞ্চের রাজা সুখদেব সিং জেলা হাসপাতালে নিয়ে যান ।
পুলিশ সূত্রে খবর,মৃতদের মধ্যে দু’জন মহিলা। এই ঘটনায় মৃতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আহতদের মধ্যে চার বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন আধিকারিকরা।
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পুঞ্চের সুরানকোট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছ’জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অফিস।
ওই পরিবারগুলিকে সব রকমের সাহায্য করার জন্য পুঞ্চের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা-ও।