হড়পা বানের জেরে বিপর্যস্ত নেপাল। এই অবস্থায় নেপালকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালেই নেপালেই প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখনই নেপালের এই সংকটে সবরকম সাহায্যের ব্যাপারে আশ্বাস দেন মোদী। আর, বুধবার রাতেই নেপালে পৌঁছল ভারতীয় ত্রাণ সামগ্রী। আপাতত ১০ টন ত্রাণসামগ্রী এবং ওষুধ পাঠানো হয়েছে। আগামী দিনে নেপালকে আরও সাহায্য করা হবে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বাড়ছে মৃতের সংখ্যা
বুধবার বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশি নদীতে হড়পা বান আসে। এর জেরে বিপর্যস্ত নেপাল। এই বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা। বিবিসির প্রতিবেদন অনুসারে, নেপালের পুলিশের পক্ষ থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসকবলিত এলাকাগুলো থেকে ১৫৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০০ জন। নেপাল পর্যটন বোর্ডের হিসাব অনুসারে, এই নিখোঁজদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ভারতেরই ১৩৩ জন।
ভারতের সাহায্য
ওই নিখোঁজ পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ভারত। আটকে পড়াদের উদ্ধার এবং নিখোঁজ থাকা ভারতীয়দের খোঁজ করতেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে নেপালকে সব সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত। বুধবার রাতেই ত্রাণ সামগ্রী এবং ওষুধ নিয়ে কাঠমান্ডু পৌঁছেছে ভারতীয় বিমান। সি-১৩০ (C-130) বিমানে ওই ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের পর্যটনমন্ত্রী খড়ক রাজ পাউডেলের কাছে ওই ১০ টন ত্রাণ সামগ্রী এবং ওষুধ তুলে দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব। ভারত নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।
দেওয়া হবে আরও ত্রাণসামগ্রী
এই পরিস্থিতিতে ভারত নেপালের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেপালের বন্যায় মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি আরও সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, মানবিক সাহায্যের জন্য ১০ টন ত্রাণসামগ্রী এবং চিকিৎসার সরঞ্জাম কাঠমান্ডুতে পৌঁছেছে। সেখানে আরও ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নেপালে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং রাষ্ট্রপুঞ্জ-ও।
ধন্যবাদ নেপালের
এই ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি উদ্ধার কাজেও সাহায্য করবে ভারত বলে জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ত্রাণসামগ্রী দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে নেপাল।