• কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে ‘অনৈতিক’ মন্তব্যের অভিযোগ, দলীয় বিধায়ককে শোকজ় বিজেপির
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ় করল বিজেপি। ‘কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে সমাজমাধ্যমে অনৈতিক’ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়েই বুধবার বিজেপি বিধায়ককে শোকজ় নোটিস পাঠান রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সাত দিনের মধ্যে তাঁকে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে এই প্রথম কোনও বিধায়ককে শোকজ় করল বিজেপি।

    সত্যেন্দ্রনাথকে শোকজ় নোটিসে স্পষ্ট বলা হয়েছে, ‘কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অনৈতিক মন্তব্য করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী।’ এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিসে। এর পরেই শোকজ়ের কথা জানানো হয়। একই সঙ্গে সাত দিনের মধ্যে এর জবাব দেওয়ার কথাও বলা হয়েছে নোটিসে।

    তবে শোকজ় নোটিসে শুধু ‘কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে অনৈতিক মন্তব্যের’ কথা বলা হয়েছে। সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে ভিডিয়োতে (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) সুকান্ত মজুমদার ও বিপ্লব মিত্রকে সত্যেন্দ্রনাথ ‘মাসতুতো ভাই’ বলে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। ফলে বালুরঘাটের সাংসদকেই নিশানা করার জন্যই তাঁর উপরে কোপ পড়ল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে বিজেপি নেতাদের একাংশের সঙ্গে ‘ভালো তৃণমূলের’ বিধায়করা যোগাযোগের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছিলেন সত্যেন্দ্রনাথ। পাশাপাশি বিজেপিকে ভাঙার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এমনকী কয়েক জন নেতার সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে বলেও সরাসরি অভিযোগ ছিল তাঁর। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য বিজেপিতে।

    ১. কেন সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ় করল বিজেপি?

    কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে সমাজমাধ্যমে ‘অনৈতিক মন্তব্য’ করার অভিযোগে তাঁকে শোকজ় করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগও রয়েছে।

    ২. কে তাঁকে শোকজ় নোটিস পাঠিয়েছেন?

    রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় বুধবার সত্যেন্দ্রনাথ রায়কে নোটিস পাঠিয়েছেন।

    ৩. কত দিনের মধ্যে জবাব দিতে হবে?

    শোকজ় নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

    ৪. কী মন্তব্য করেছিলেন সত্যেন্দ্রনাথ?

    একটি ভিডিয়ো বার্তায় বিজেপির একাংশের নেতার সঙ্গে ‘ভালো তৃণমূলের’ বিধায়কদের যোগাযোগের চেষ্টা চলছে বলে দাবি করেছিলেন তিনি। বিজেপিকে ভাঙার চেষ্টার পাশাপাশি কয়েক জন বিজেপি নেতার সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছিলেন।

    ৫. কোন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ?

    শোকজ় নোটিসে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে সত্যেন্দ্রনাথের ভিডিয়োয় সুকান্ত মজুমদার ও বিপ্লব মিত্রকে নিয়ে মন্তব্যের অভিযোগ রয়েছে। ফলে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে নিশানা করেই ওই মন্তব্য করা হয়েছিল কি না, তা নিয়ে জল্পনা চলছে।

  • Link to this news (এই সময়)