• বাদ যাচ্ছেন রাজ্যের ১৪ লক্ষ উজ্জ্বলা গ্রাহক?
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৬
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মা-বোনেদের চোখের জল মোছাতে নরেন্দ্র মোদি সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা। এর আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। গৃহস্থ যে দামে কেনে, তারচেয়ে কিছুটা সস্তায় সিলিন্ডার পান উজ্জ্বলা গ্রাহক। স্বয়ং প্রধানমন্ত্রীর সাধের এই প্রকল্পকে দ্রুত সাফল্য এনে দিতে কোমর বেঁধে নেমে পড়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বিপুল সাড়া মেলে। রাজ্যে ধাপে ধাপে প্রায় ১ কোটি ২৪ লক্ষ গ্রাহককে দেওয়া হয় এই সংযোগ। আগেই অভিযোগ ছিল, যথাযথ যাচাই না করেই উজ্জ্বলার সংযোগ দেওয়া হয়েছে বহু গ্রাহককে। কিন্তু এতদিন বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি। এখন টনক নড়েছে কেন্দ্রের! যাঁরা উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ পেয়েছেন, তাঁরা আদৌ তার যোগ্য কি না, এবার তা নিবিড়ভাবে যাচাই করা হবে। সূত্রের খবর, বিভিন্ন নথি খতিয়ে দেখে এ রাজ্যের প্রায় ১ কোটি ১০ লক্ষ গ্রাহকের ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু গোলমাল রয়েছে প্রায় ১৪ লক্ষ গ্রাহকের ক্ষেত্রে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ১৪ লক্ষ গ্রাহক উজ্জ্বলা যোজনার আওতায় আসার যোগ্য নন। এই গ্রাহকদের নথি ফের যাচাই করতে চলেছে তেল সংস্থাগুলি। যদি গ্রাহক যথাযথ নথি ও প্রমাণ দাখিল করতে না পারেন, সেক্ষেত্রে উজ্জ্বলার গ্যাস সংযোগ কেড়ে নিতে পারে কেন্দ্র।

    প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, দারিদ্র সীমার নীচে থাকা গ্রাহককে দেওয়া হবে উজ্জ্বলা। শর্ত ছিল, গ্রাহক হবেন একজন মহিলা। তাঁর পরিবারের অন্য কোনো সদস্যের নামে গ্যাসের সংযোগ থাকা চলবে না। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার এক কর্তার কথায়, ‘ই-কেওয়াইসি খতিয়ে দেখে জানা যাচ্ছে, এ রাজ্যে প্রায় ১৪ লক্ষ এমন গ্রাহক আছেন, যাঁদের পরিবারে একাধিক গ্যাস সংযোগ আছে। তাই যাচাই পর্বে সংশ্লিষ্ট গ্রাহকের রেশন কার্ড খতিয়ে দেখা হবে। একটি পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা রেশন কার্ড থাকলেও পারিবারিকভাবে নির্দিষ্ট একটি রেশন নম্বর থাকে। সেই নম্বরের আওতায় একাধিক গ্যাস সংযোগ থাকলে উজ্জ্বলা বাতিল হবে।’ এ বিষয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে খবর। পেট্রলিয়াম মন্ত্রকের সবুজ সংকেত এলেই পশ্চিমবঙ্গসহ গোটা দেশে যাচাই শুরু হবে।
    উজ্জ্বলা যোজনায় কত সিলিন্ডার দেওয়া হবে, তার টার্গেট বেঁধে দিয়েছিল মন্ত্রক। ডিস্ট্রিবিউটরদের একাংশের অভিযোগ, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে গোড়া থেকেই হুড়োহুড়ি হয়েছে। যথাযথ নথি যাচাই না করে দেওয়া হয়েছে সংযোগ। এমনকি, আবেদন করার আগেই গ্রাহককে চাপ দিয়ে উজ্জ্বলায় নাম লেখানোর দৃষ্টান্ত পর্যন্ত আছে। এবার তারই খেসারত দিতে হবে গ্রাহককে!
  • Link to this news (বর্তমান)