• পাঁচ মাসে উত্তরে রাজস্ব আদায় ২০০ কোটি টাকা, অভিযানে জোর দেবে আয়কর বিভাগ
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাত্র পাঁচ মাসে উত্তরবঙ্গে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। মঙ্গলবার শিলিগুড়িতে এমন তথ্য দেন আয়কর বিভাগের প্রধান চিফ কমিশনার সুরভি ভর্মা গর্গ। তাঁর দাবি, আগামী সাত মাসের মধ্যে রাজস্ব আদায়ের টার্গেট ৬০০ কোটি টাকা পূরণ হবে। অন্যদিকে, আয়কর ফাঁকি সহ হিসাব বহির্ভূত অর্থ উদ্ধারে ঝাঁপাচ্ছে আয়কর বিভাগ। ইতিমধ্যে শিলিগুড়িতে তারা ১০টি সম্পত্তি ক্রোক করেছে। সোমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন আয়কর বিভাগের প্রধান চিফ কমিশনার। ওইদিন তিনি কালিম্পংয়ের অফিস পরিদর্শন করেন। মঙ্গলবার তিনি পরিবহণনগরে শিলিগুড়ির অফিস পরিদর্শন করেন। আয়কর আদায়ের পরিমাণ, কর খেলাপির তালিকা, নতুন ইনকাম ট্যাক্স আইন নিয়ে প্রচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে খবর।

    পরে আয়কর বিভাগের প্রধান চিফ কমিশনার বলেন, ২০২৬-২৭আর্থিক বর্ষে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ ও সিকিমে কর আদায়ের টার্গেট প্রায় ৬০০ কোটি টাকা। গত এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা আদায় হয়েছে। অর্থাৎ টার্গেটের মধ্যে ৩৩ শতাংশ কর আদায় হয়েছে। আগামী মার্চের মধ্যে টার্গেটের থেকে বেশি রাজস্ব আদায় হবে বলে আশা করছি।

    আয়কর বিভাগ সূত্রের খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে এখানে কর আদায়ের টার্গেট ছিল ৫০০ কোটি টাকা। যা অতিক্রম করে গিয়েছিল। আদায় হয়েছিল ৫৫০ কোটি টাকা। তাই গত আর্থিক বছরের মতো এবারও কর আদায়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান চিফ কমিশনার। এজন্য কর খেলাপিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এবার ওই তালিকা ধরে অভিযান চালানো হবে। ইতিমধ্যে দীর্ঘদিন ধরে কর না দেওয়ার অভিযোগে ১০টি সম্পত্তি ক্রোক করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এর বাইরে হিসাব বহির্ভূত অর্থ উদ্ধারে জোর দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আইভিএফ সেন্টারে অভিযান চালিয়ে প্রচুর টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
    এদিন শিলিগুড়িতে আয়কর বিভাগের অফিসে একটি সভাঘরের উদ্বোধন করে প্রধান চিফ কমিশনার। তিনি বৃক্ষরোপণও করেন। এই অনুষ্ঠানে বিভাগের সর্বস্তরের অফিসাররা হাজির ছিলেন।
  • Link to this news (বর্তমান)