• দাপটে জিতল মোহন বাগান, সুহেলের হ্যাটট্রিক, ব্যারেটোকে ঘিরে উচ্ছ্বাস ভক্তদের
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৬
  • মোহন বাগান-৬ : জর্জ টেলিগ্রফ-০

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহনবাগান মাঠে ম্যাচ শেষ। ‘ব্যারেটো, ব্যারেটো’ চিৎকারে মুখর গ্যালারি। এমনকি, গাড়িতে ওঠার আগেও তাঁকে ঘিরেই সমর্থকদের ভিড়। তীর্থের কাকের মতো সবুজ-মেরুন সমর্থকরা দাঁড়িয়ে তাঁর জন্য। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফের কোচ তিনি। তাতে কী! ব্যারেটো মানেই যে মোহন বাগান। গঙ্গাপাড়ের ক্লাব তাঁর বহু কীর্তির সাক্ষী। অবসরের পরেও তিনি ঘরেরই ছেলে। তাই ঘরোয়া লিগে মোহন বাগান বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচে কৌতূহল ছিল ব্রাজিলিয়ানকে নিয়েই। দু’দলের শক্তির পার্থক্য অনেকটাই। ঘরোয়া লিগে জর্জ টেলিগ্রাফকে ৬ গোলের মালা পরাল মোহনবাগান। হ্যাটট্রিক সুহেল ভাটের। স্কোরশিটে নাম তোলেন আলেক্স সাজি, সন্দীপ মালিক ও অভিষেক সূর্যবংশী। ডুরান্ড ফাইনালে মুখ থুবড়ে পড়েছিল সিনিয়র দল। সুহেলদের এদিনের পারফরম্যান্স স্বস্তি দিল টিম ম্যানেজমেন্টকে।

    ম্যাচে শুরু থেকেই ছিল সায়নদের দাপট। ১৩ মিনিটে কিয়ানের মাইনাস থেকে সুহেলের লক্ষ্যভেদে এগিয়ে যায় পালতোলা নৌকা বাহিনী । ২৪ মিনিটে দুরন্ত ব্যাক ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স সাজি। এরপর জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জর্জ অধিনায়ক রণজয় সামন্ত। বাকি সময় ১০ জনের প্রতিপক্ষের বিরুদ্ধে স্টিমরোলার চালায় বাস্তব রায়ের দল। বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করেন সুহেল।

    ম্যাচ শেষে হতাশা চাপতে পারেননি জর্জ কোচ ব্যারেটো। তাঁর মন্তব্য, ‘ডাগ-আউটে দাঁড়িয়ে মাঝেমধ্যেই হতাশ লাগে। দলের ফুটবলাররা অভিজ্ঞ নয়। একটু সময় দরকার ওদের।’ ম্যাচের নায়ক সুহেল বলেন, ‘গত কয়েক ম্যাচে চেনা ছন্দ পাচ্ছিলাম না। আজ সুযোগ কাজে লাগাতে পেরেছি।’ এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এল মোহন বাগান। এদিকে, ম্যাচ দেখতে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন চিফ কোচ পানাজিওটিস ও ফুটবলার ড্র্যাজিচ।

    দিনের অপর ম্যাচে বিধাননগর স্পোর্টস অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল ভবানীপুর এফসি। জোড়া গোল জিতেন মুর্মুর। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন ইতলাং। কোচ রঞ্জন চৌধুরির মন্তব্য, ‘দল এখনও অপরাজিত। সুপার সিক্সেও পৌঁছালাম। সব কৃতিত্ব ফুটবলারদের।’
  • Link to this news (বর্তমান)