• মেসারার্সকে হারিয়ে শীর্ষে মহমেডান
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে ৩-২ ব্যবধানে বশ মানাল মেহরাজউদ্দিন ওয়াডু ব্রিগেড। সাদা-কালো ব্রিগেডের হয়ে লক্ষ্যভেদে সফল লালরেমসাঙ্গা, লালনগিশাকা ও মহিতোষ রায়। মেসারার্সের হয়ে জাল কাঁপান গণেশ বেসরা ও শ্রীমন্ত কিস্কু। এই জয়ের সৌজন্যে গ্রুপ বি’র শীর্ষস্থান পুনরুদ্ধার করল সাদা-কালো ব্রিগেড। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে প্রতিপক্ষের সংগ্রহ ১০ পয়েন্ট। সপ্তম স্থানে রয়েছে তারা। আর দু’ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পুলিশ এসি। এদিন লালরেমসাঙ্গা ও লালনগিশাকার গোলে ২-০ লিড নেয় মহমেডান। ৪৩ মিনিটে মেসারার্সের ব্যবধান কমান গণেশ। বিরতির পর শ্রীমন্ত সমতায় ফেরালেও শেষরক্ষা হয়নি। ৮৭ মিনিটে মহিতোষের গোলে জয় নিশ্চিত করে রেড রোডের ক্লাবটি।
  • Link to this news (বর্তমান)