• অফলাইনে দেদার কালোবাজারির অভিযোগ, জিপসি সাফারিতে ফিরছে অনলাইন বুকিং
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: অফলাইন প্রথায় পর্যটকদের জন্য জিপসি সাফারির টিকিট নিয়ে কালোবাজারি ও দালাল চক্র রুখতে ফের ফিরে আসছে অনলাই বুকিং পদ্ধতি। রাজ্য বন দপ্তরের এই সিদ্ধান্তের কথা জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ২০২৫–এ জেলা সফরে এসে সংরক্ষিত বনাঞ্চলগুলিতে পর্যটকদের জন্যে জিপসি সাফারির অনলাইন টিকিট বুকিং তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    অভিযোগ, তারপর থেকেই অফলাইন টিকিট নিয়ে সক্রিয় হয়ে উঠেছিল একশ্রেণির দালাল চক্র। দেদার কালোবাজারি শুরু হয়েছিল বলে অভিযোগ। যা নিয়ে অভিযোগের পাহাড় জমে যায় বন দপ্তরের কাছে। রাজ্যে সরকার পরিবর্তন হতেই ওই বিষয়টি বনমন্ত্রীর নজরে আনেন রাজ্যের বনকর্তারা। মূলত, রাজ্যে জিপসি সাফারি চালু আছে বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানে। ফের অনলাইন বুকিং পদ্ধতি ফিরতে চলায় এখন যে কোনও প্রান্ত থেকে নিজেদের পছন্দমতো দিন বাছাই করে পর্যটকরা জিপসি সাফারির টিকিট বুকিং করতে পারবেন।

    ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজ়ম ডেভলপমেন্ট অথরিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমরা সংগঠনের তরফে অনলাইন টিকিট বুকিং প্রথা ফেরানোর জন্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলাম। ওই প্রথা ফিরে এলে পর্যটকদের হেনস্থার মুখে পড়তে হবে না। ঘরে বসে টিকিট সংগ্রহ করে নিশ্চিন্তে বেড়াতে আসতে পারবেন।’ বনমন্ত্রী বলেন, ‘আমরা চাই না জিপসি সাফারির টিকিট সংগ্রহ করতে গিয়ে হয়রানির মুখে পড়ুন পর্যটকরা। তাই ফের চালু করা হচ্ছে অনলাইন টিকিট বুকিং প্রথা।’

  • Link to this news (এই সময়)