• স্নাতক স্তরের ৫০ হাজার ছাত্রীকে স্কুটার উপহারের ঘোষণা যোগীর, ভোটের আগে নয়া উপঢৌকন!
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যখন ভোট থাকে না, তখন ডবল ইঞ্জিন সরকারের জয়গান শোনা যায়। কিন্তু ভোটের আগে সেই আত্মবিশ্বাস থাকে না। একের পর এক ভোটে সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিহারে দীর্ঘদিন ধরে এনডিএ জোটের শাসন। বিজেপি এবং নীতীশ কুমারের দলের সরকার নাকি বিহারকে বদলে দিয়েছে। এই প্রচার লাগাতার চললেও, ভোটের প্রাক্কালে বিহারে দেখা গেল মহিলাদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিলেন নীতীশ। এবং ওই একটি ঘোষণার জেরেই বিহারে অনেক এগিয়ে যায় এনডিএ। উত্তরপ্রদেশে উন্নয়নের ঢক্কানিনাদ আরও জোরদার। ২০১৭ সাল  থেকে চলছে যোগী আদিত্যনাথের সরকার। দিল্লির নাকের ডগায় উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী মাঝেমধ্যেই সফর করেন। যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদির মিলিত শক্তি ও উন্নয়নের জোয়ারে উত্তরপ্রদেশে বিরোধীরা অনেক ব্যাকফুটে। অন্তত এরকমই দাবি করে বিজেপি। আর মাত্র ছ-সাত মাসের মধ্যে যখন উত্তরপ্রদেশের ভোট হতে চলেছে, তার আগে এখন থেকেই উপঢৌকনের রাজনীতি শুরু করেছেন যোগী আদিত্যনাথ।

    ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন যে, মহিলাদের ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। প্রথমে ২০ হাজার টাকা। ভোটে জয়ী হয়ে বিজেপি সরকার যখন ফিরে আসবে, তখন আবার ৩০ হাজার টাকা। ওই ঘোষণাতেই সাঙ্গ হয়নি মহিলাদের মন জয়ের পালা। বুধবার যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ৫০ হাজার ছাত্রীকে দেওয়া হবে স্কুটার। স্নাতক স্তরের মেধাবীদের এই স্কুটার দেওয়ার প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে রাজকোষ থেকে। রাজ্যে রাজ্যে প্রবণতা রয়েছে, সর্বাগ্রে ভোটে জয়ী হতে হলে মহিলা ভোটারদের খুশি করা দরকার। তাই ভোটে জিতে আসার দেড় বছর পর দিল্লিতে বুধবার আনুষ্ঠানিকভাবে মহিলাদের ২৫০০ টাকা করে মাসে সহায়তা দেওয়ার লক্ষ্মী যোজনা শুরু হল। আর সেদিনই লখনউয়ে যোগী আদিত্যনাথ বললেন, তিনি ৫০ হাজার স্কুটারই শুধু দেবেন না, বয়স্ক মহিলাদের বাসযাত্রা বিনামূল্যে করে দেবেন। এদিকে পিছিয়ে নেই প্রধান প্রতিপক্ষ অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিও। বুধবারই অখিলেশ যাদব এবং তাঁর স্ত্রী ডিম্পল যাদব সমাজবাদী পার্টির এক মঞ্চ থেকে ঘোষণা করেছেন, তাদের দলের সরকার গঠিত হলে বছরে মহিলাদের দেওয়া হবে ৪০ হাজার টাকা করে। মহিলা ভোটই লক্ষ্মী সব দলের কাছেই।
  • Link to this news (বর্তমান)