• বাজারে নজরকাড়া রাখি, শিশুদের জন্য বিশেষ চমক
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: রাখি পূর্ণিমা আসন্ন। এই উৎসবকে সামনে রেখে ময়নাগুড়ির বাজারে এখন সাজ সাজ রব। ছোটোদের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবসায়ীরা তাঁদের স্টলে নিয়ে এসেছেন নানা ধরনের আকর্ষণীয় রাখি। প্রত্যেক বছরই নানা রকমের রাখি চোখ কাড়ে। আর এইবছর রাখির নতুনত্বের তালিকায় নজর কেড়েছে ঘড়ি রাখি। এই রাখি হাতে পরার পরই আলো জ্বলে ওঠে। আর তাই সেই বিশেষ রাখি শিশুদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। রাখিটি ব্যাটারিচালিত। 

    এছাড়াও ক্ষুদেদের প্রিয় বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি দেওয়া রঙিন রাখি এবং দেবদেবীর মুখ, মন্দিরের আদলে তৈরি রাখিও শোভা পাচ্ছে বিভিন্ন স্টলে। বিভিন্ন আকর্ষণীয় রাখির সম্ভারে সেজে উঠেছে ময়নাগুড়ি বাজার। 

    ব্যবসায়ী মারফত জানা গিয়েছে, প্রায় এক থেকে দেড় মাস আগে দিল্লি ও কলকাতা থেকে বিভিন্ন ধরনের রাখি নিয়ে আসা হয়েছে। বিশেষ করে শিশুদের আনন্দের কথা মাথায় রেখেই এবার নানা ধরনের, নতুন ডিজাইনের রাখি স্টলে তোলা হয়েছে। কিন্তু দোকানিরা হরেক ডিজাইনের রাখি পসরা নিয়ে বসলেও বিক্রি সেভাবে নেই বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। মাঝে আর একদিন। বৃহস্পতিবার রাখি বিক্রির বাজার বাড়বে বলে আসায় ব্যবসায়ীরা। 
  • Link to this news (বর্তমান)