• আবেদনকারীদের অধিকাংশেরই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে , দাবি বিজেপির পুরুলিয়া জেলা সভাপতির
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া জেলায় আবেদনকারী অধিকাংশ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। এমনকি, ৩ হাজার টাকা পেয়ে জেলার বিভিন্ন গ্রামে গ্রামে মহিলারা মিছিল করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন বলে দাবি বিজেপির জেলা সভাপতির। হাতে গোনা কয়েকজনের সমস্যা থাকলে তাও আগামী কয়েকদিনে মিটবে বলেই আশা গেরুয়া শিবিরের। 

    পুরুলিয়া শহর, রঘনাথপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের ব্যাপক বিক্ষোভ হতেই নড়েচড়ে বসেছেন জেলা বিজেপি নেতারা। এলাকায় গিয়ে মহিলাদের বোঝানো থেকে শুরু করে ধন্যবাদজ্ঞাপন মিছিলও  করে বিজেপি নেতৃত্ব। সংগঠনের সমস্ত স্তরের নেতা, কর্মীদের এবিষয়ে সক্রিয় হওয়ার নির্দেশও দেওয়া হয়। 

    পুরুলিয়া জেলা বিজেপির এক প্রথম সারির নেতার কথায়, ৩০ আগস্টের পর বিস্তারিত তথ্য তুলে ধরা হবে সবার সামনে। তবে প্রাথমিকভাবে জেলা প্রশাসনের কাছ থেকে জানা গিয়েছে পুরুলিয়া জেলায় মোট  প্রায় ৬ লক্ষ ৮৮ হাজার মহিলা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছিলেন। তার মধ্যে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার মহিলা ইতিমধ্যে টাকা পেয়েছেন। তিনি আরও জানান, যারা আবেদন করেছেন, তাঁদের মধ্যে মাত্র প্রায় ৫ হাজার জনের আবেদন বাতিল হয়েছে। এবিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো বলেন, কতজন আবেদন করেছেন, কতজন পেয়েছেন সেবিষয়ে যা বলার প্রশাসন অবশ্যই জানাবে। কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এটুকু বলতে পারি পুরুলিয়া জেলায় আবেদনকারী অধিকাংশ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। তাছাড়া গ্রামের ধন্যবাদজ্ঞাপন মিছিলগুলিতে মহিলাদের ভিড় উপচে পড়ছে। গ্রামের মহিলারা কেউ নিশ্চয় অন্নপূর্ণার টাকা না পেয়েই বিজেপির মিছিলে হেঁটে যাবেন না। শংকরবাবু আরও বলেন, সামান্য কিছু সংখ্যক মহিলার আবেদন নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। প্রশাসন তাঁদের বিষয়টিও দেখছে। 

    তিনি আরও বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এমন প্রচার হচ্ছে যে অধিকাংশ মহিলা টাকা পাননি। কিন্তু সত্যিটা ঠিক উল্টো। তাছাড়া আন্দোলন করেছেন এমন অনেক মহিলাই পরে অ্যাকাউন্ট চেক করে দেখেছেন তাঁদের টাকাও এসে গিয়েছে।  জেলা বিজেপি নেতাদের দাবি, ইতিমধ্যে বিধানসভাভিত্তিক এবং ব্লক ভিত্তিক কতজন উপভোক্তা রয়েছেন তাঁদের তালিকাও প্রশাসনের থেকে জোগাড় করার চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতৃত্ব। সেই তালিকা হাতে পেলেই তা নিয়েই পাল্টা প্রচারের পরিকল্পনা রয়েছে জেলা বিজেপির। 
  • Link to this news (বর্তমান)