হলদিয়া শিল্পসংস্থায় গোটা জেলা থেকেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত, আজ থেকে আবেদন শুরু
বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামে রোজগার মেলার জন্য আজ, বৃহস্পতিবার থেকে বেকার যুবক-যবুতীদের কাছ থেকে আবেদন সংগ্রহ শুরু হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি বিডিও অফিস ও পাঁচটি পুরসভায় ড্রপ বক্স থাকবে। আগামী ৫সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত ড্রপ বক্সে আবেদন নেওয়া যাবে। অনলাইনে কোনও আবেদন করা যাবে না। ২৫আগস্ট জেলাশাসক নিরঞ্জন কুমার এনিয়ে পূর্ব মেদিনীপুরের সকল মহকুমা শাসক, বিডিও এবং পুরসভার নির্বাহী অফিসারদের কাছে বিজ্ঞপ্তির কপি পাঠিয়ে দিয়েছেন। তাতে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার নানাপ্রান্তে বিভিন্ন শিল্পসংস্থা বেশকিছু শূন্যপদে কর্মী নেবে। সেই উপলক্ষ্যে শীঘ্রই নন্দীগ্রামে রোজগার মেলা হবে। তার আগে ৫সেপ্টেম্বর পর্যন্ত সকল বিডিও অফিসে ড্রপ বক্স বসাতে হবে। সেখানে আবেদন নেওয়া হবে। স্ক্রুটিনির পর ১০সেপ্টেম্বরের মধ্যে ২৫ব্লক থেকেই লিস্ট পৌঁছে যাবে জেলায়। উল্লেখ্য, নন্দীগ্রাম রোজগার মেলা নিয়ে গত কয়েকদিন ধরেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে। হলদিয়ার ৩৮টি এবং কোলাঘাটের আরও দু’টি সংস্থাকে চিঠি দিয়ে শূন্যপদের তালিকা চেয়েছিল জেলা প্রশাসন। প্রাথমিকস্তরে শুধুমাত্র নন্দীগ্রাম-১ ও ২ব্লকের যুবক-যুবতীদের নেওয়ার ভাবনাচিন্তা ছিল। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর হলদিয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। মহকুমা শাসককে ডেপুটেশনও দেওয়া হয়। পরিস্থিতি আঁচ করে প্রশাসন শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার পরিবর্তে গোটা জেলা থেকেই আবেদন নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ, ২৭আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হচ্ছে। এনিয়ে মাইকিংও হবে। প্রত্যেক বিডিও অফিস এবং পুরসভায় ড্রপ বক্স ঝোলানো হবে। সেখানে বেকার যুবক-যুবতীরা তাঁদের শিক্ষাগত যোগ্যতা সহ বায়োডাটা জমা করবেন। ৫সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। প্রশাসন গোটা জেলা থেকেই আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি জারি করায় যুবক-যুবতীরা খুশি। আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল, উৎকর্ষ বাংলা, সাধারণ শাখায় স্নাতক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।
হলদিয়া শিল্পসংস্থার একাধিক নামী কোম্পানি শূন্যপদের লিস্ট প্রশাসনের কাছে পাঠিয়েছে। যেমন, হলদিয়া পেট্রকেমিক্যালস লিমিটেড (এইচপিএল) ৭০জন, মানাক্সিয়া অ্যালুমিনিয়াম কোম্পানি ১৩জন, ইলেক্ট্রো স্টিট কাস্টিং লিমিটেড ৩৭জন, গোকুল এগ্রো রিসোর্সেস লিমিটেড চারটি, লালবাবা টিউব প্রাইভেট লিমিটেড ১২৫জন, এক্সাইড এন্ডাস্ট্রিজ ৩০জন, এডব্লুএল এগ্রি বিজনেস ২০টি এবং ক্লোরাইড মেটালস ৩২টি শূন্যপদের তালিকা পাঠিয়েছে। এভাবেই বিভিন্ন শিল্পসংস্থা থেকে শূন্যপদের তালিকা এসেছে। মোট শূন্যপদ ৬২০টি। খুব তাড়াতাড়ি নন্দীগ্রামে একটি রোজগার মেলা হবে। সেখানে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তার আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।