আমতায় পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর, দাদপুরে দুই নেতার উপর ডিম
বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বেগমের স্বামী বাপি মল্লিককে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের কাজিবেড়িয়ায়। বুধবার সকালে তাঁকে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। আহত বাপি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়নি। বাকসি গ্রাম পঞ্চায়েতের কাজিবেড়িয়ায় তাঁর একটি শপিং মল আছে। বুধবার তিনি সেখানেই ছিলেন। অভিযোগ, সকালে একদল যুবক তাঁকে শপিং মল থেকে বের করে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, বাপির অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে এলাকার মানুষ ক্ষিপ্ত ছিল। সবটাই সাধারণ মানুষের জনরোষ।
এদিকে, পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবনাথ ধাড়াকে ডিমবৃষ্টি করা হল। বুধবার ওই ঘটনা ঘটেছে দাদপুরের আঙিনা গ্রামে। বিজেপির কর্মী-সমর্থকরা এদিন শিবনাথবাবু এবং আরও এক তৃণমূল কংগ্রেস নেতাকে পাশাপাশি বসিয়ে ডিমবৃষ্টি করতে থাকে। বটগাছের বাঁধানো চাতালে তাঁদের বসিয়ে লাগাতার ডিম ছোড়া হয়। পুলিশ দু’জনকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, শুনেছি ওই ব্যক্তি বিপুল অনিয়ম করেছেন। সেই কারণে জনরোষ তৈরি হয়ে থাকবে। তারই পরিণতি। এতে বিজেপির কোনো ভূমিকা নেই।