স্মার্ট ক্লাসরুম তৈরির আশ্বাস দিয়েছে শিক্ষাদপ্তর: বিধায়ক
বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল বিধানসভা কেন্দ্রের বহু বিদ্যালয়ের পরিকাঠামো পঠনপাঠনের উপযুক্ত নয়। কষ্ট করে ক্লাস করতে হয় ছাত্র-ছাত্রীদের। বসার আসনের অবস্থা ভালো নয়। পরিকাঠামোগত সমস্যা আছে। সে সমস্যা সমাধানে সচেষ্ট হলেন বিধায়ক ডঃ রাজেশ কুমার। চল্লিশটি স্কুল তিনি পরিদর্শন করেন। পরিকাঠামোগত সমস্যা খতিয়ে দেখেন। তারপর জানান, সেই স্কুলগুলি আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম তৈরির পরিকল্পনা নিয়েছেন। স্কুল শিক্ষাদপ্তরকে পরিকল্পনা জমা দিচ্ছেন। সবরকম সাহায্য পাবেন বলে তিনি আশাবাদী।
বারাকপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই বিধানসভা কেন্দ্রে প্রায় ১৮৭টি স্কুল আছে। সেইসব স্কুলের মধ্যে অনেকগুলির পরিকাঠামোর বিস্তর অভাব। ছাত্র-ছাত্রীদের বসার চেয়ার, লেখার টেবিল ঠিক নেই। স্কুল বিল্ডিংয়ের মেরামত দরকার। অনেক স্কুল দীর্ঘদিনের পুরনো হওয়ায় একেবারে ভগ্নদশাপ্রাপ্ত। ডঃ রাজেশ কুমার বিধায়ক হওয়ার পর একাধিক স্কুল পরিদর্শন করেন। পরিকাঠামো উন্নত করতে উদ্যোগ নেন। বিভিন্ন স্কুলে গিয়ে পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখে কি পদক্ষেপ নেওয়ার দরকার তার পরিকল্পনা করেন। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করেন। কথা বলেন ছাত্র-ছাত্রীদের সঙ্গেও। বিধায়ক জানান, এখন এ আই যুগ। শিক্ষাব্যবস্থা অনেক আধুনিক। সব জায়গায় স্মার্ট ক্লাসরুম চালু হয়ে গিয়েছে। পুরনো ব্ল্যাকবোর্ড নেই। স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পারলে জগদ্দল সম্পর্কে মানুষের ধারনা বদলে যাবে। নতুন প্রজন্ম অপরাধ জগতে নাম লেখাবে না। ভালো পরিবেশে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে উচ্চশিক্ষায় অগ্রসর হবে। সেই লক্ষ্যেই স্মার্ট ক্লাসরুম করার পরিকল্পনা হয়েছে। স্কুল শিক্ষাদপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। তারা সবরকম সাহায্য করবে বলে জানিয়েছে।