বকখালিতে উত্তাল সমুদ্র থেকে পর্যটককে উদ্ধার করলেন সিভিল ডিফেন্সের কর্মীরা
বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: উত্তাল সমুদ্রের কবলে পড়ে ভেসে যাচ্ছিলেন এক পর্যটক। রুদ্ধশ্বাস লড়াই চালিয়ে মৃত্যুর হাত থেকে তাঁকে রক্ষা করলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর ২৪ পরগনা জেলা থেকে আটজনের একটি পর্যটকের দল নামখানার বকখালি পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছিলেন। দুপুর বারোটা নাগাদ তাঁরা সমুদ্রে স্নান করতে নামেন। তখন সমুদ্র উত্তাল ছিল। সিভিল ডিফেন্সের কর্মীরা পর্যটকদের সমুদ্রের বেশি গভীরে না যাওয়ার জন্য মাইকিং করছিলেন। কিন্তু তা সত্ত্বেও উদয় বৈরাগী নামে এক পর্যটক সমুদ্রের অনেক দূরে চলে যান, এবং স্রোতের টানে তিনি ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি হাত নেড়ে চিৎকার করতে থাকেন। বিষয়টি সিভিল ডিফেন্সের কর্মীরা দেখতে পান। এরপরই তাঁরা রুদ্ধশ্বাস লড়াই চালিয়ে সমুদ্র থেকে ওই পর্যটককে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। উদ্ধার হওয়া পর্যটক ঢেউয়ের সঙ্গে লড়াই করে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমান তিনি সুস্থ রয়েছেন। নিজস্ব চিত্র