• নেপালে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, কী জানালেন শুভ্রাংশু?
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • নেপালে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। হড়পা বান বিপর্যয়ের পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বলে জানালেন স্বামী শুভ্রাংশু রায়।

    কলকাতার একটি পর্যটন সংস্থা ৩২ জনের একটি দলকে নিয়ে গত ২১ অগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই পর্যটকদলের গন্তব্য ছিল মানস সরোবর। শুভ্রাংশু জানান, শর্মিষ্ঠা ওই দলেই ছিলেন। একাই গিয়েছিলেন তিনি। কিন্তু বিপর্যয়ের খবর পাওয়ার থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। শুভ্রাংশু বলেন, ‘নিখোঁজ তালিকায় আমার স্ত্রীর নাম রয়েছে। ছেলেমেয়ে যায়নি। আমার সঙ্গেই রয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’

    শুভ্রাংশুর ঘনিষ্ঠ বিশ্বজিৎ মিত্রও বলেন, ‘৭ সেপ্টেম্বর বৌদির ফেরার কথা ছিল। পরশু অর্থাৎ মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল দাদার সঙ্গে। তখন নেপালের কোনও প্রত্যন্ত গ্রামে ছিল। কিন্তু বুধবার থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না বৌদিকে।’

    নেপালে নিখোঁজ হওয়া অধিকাংশ পর্যটকেরই গন্তব্য ছিল কৈলাস-মানস সরোবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যের ৩২ জন নিখোঁজ হয়েছে বলে খবর মিলেছে। সরকার তাঁদের ব্যাপারে খোঁজখবর করছে। নবান্নে বুধবার রাত থেকে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেখান থেকেই নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। মুখ‍্যমন্ত্রী বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের মধ‍্যে সাত-আট জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। রাজ‍্য সরকার এই পর্যটকদের ফিরিয়ে আনার জন‍্য সব রকম ভাবে সহযোগিতা করবে।’

    বুধবার সকালে হড়পা বানের জলস্রোতে রাসুয়া ও নুয়াকোট জেলায় একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেপাল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিঁখোজ বহু মানুষ। তার মধ্যে অন্তত ৩০০ জন ভারতীয় রয়েছেন বলে সরকারি সূত্রে খবর। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই দু’টি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। তা হলো— 033-2479 3311, 9147890181। কেন্দ্রীয় সরকারও ভারতীয় দূতাবাসের নম্বর শেয়ার করেছে। তা হলো— +9779851316807, +9779709107500।

  • Link to this news (এই সময়)