• চার অ্যাকাউন্ট ডিফ্রিজ় করার আর্জি হাইকোর্টে, কালীঘাট তৃণমূলকে কী বললেন বিচারপতি?
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • হরিশ মুখার্জি রোডের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও থাকা তৃণমূলের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ় করে দিয়েছে পুলিশ। এই অভিযোগ তুলে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল।

    বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির উচ্চ আদালতে জানিয়েছে, চার অ্যাকাউন্টে সব মিলিয়ে ৮০৩ কোটি টাকা রয়েছে। কিন্তু আদালত এই অ্যাকাউন্টগুলি ডিফ্রিজ় বা খোলার ব্যাপারে নতুন করে কোনও নির্দেশ দেয়নি।

    আদালতে রাজ্য সরকারের বক্তব্য ছিল, বিধাননগর সাইবার থানার যে মামলাটি দায়ের হয়েছে, তার তদন্তে দেখা গিয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে দেবরাজ চক্রবর্তী (ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন) একাধিক বার ১০ কোটি করে ফেলেছেন। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার তরফেও ৩০ কোটি ফেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় ৭ কোটি ফেলেছেন ওই অ্যাকাউন্টগুলিতে। এখন প্রত্যেকেই বিভিন্ন মামলায় অভিযুক্ত।

    তার প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এর আগে অন্য একটি বেসরকারি ব্যাঙ্কের ফ্রিজ় হওয়া একাধিক অ্যাকাউন্ট থেকে দৈনিক কাজের জন্য টাকা পাওয়ার ব্যবস্থা করতে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। হাইকোর্টের সেই নির্দেশে সায় দিয়েছে সুপ্রিম কোর্টও। তাই কারা আসল তৃণমূল, এই বিচার না হওয়া পর্যন্ত নতুন করে কোনও নির্দেশ দেওয়া হবে না।

    আদালত জানিয়েছে, পুজোর ছুটির পরে মামলার পরবর্তী শুনানি হবে। সেই সময়ে রাজ্যকে নতুন করে তদন্ত অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে। পাশাপাশি সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে।

  • Link to this news (এই সময়)