ডোভারম্যান লেলিয়েও লাভ হল না! সাট্টাবাজের বাড়ি থেকে দেড় কেজি সোনা, নগদ উদ্ধার তদন্তকারীদের
প্রতিদিন | ২৭ আগস্ট ২০২৬
উত্তরপাড়ায় (Uttarpara) সাট্টা কারবারির বাড়িতে অভিযানে গিয়ে বিপাকে তদন্তকারীরা। তাঁদের উপর পোষ্য ডোভারম্যানকে লেলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সব বাধা কাটিয়ে বাড়িতে ঢুকে তল্লাশি চালান তদন্তকারীরা। তদন্তকারীদের দেখে বাড়ির ছাদ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা ও দেড় কেজি সোনার গয়না ছুড়ে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরে সেই নগদ ও সোনার অলঙ্কার উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত সাট্টা কারবারি সঞ্জয় মজুমদার ওরফে বাপি পলাতক রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বুধবার রাতে উত্তরপাড়ার তিন নম্বর কাঁসারি পুকুর রোডে বাপির বাড়িতে আধা সামরিক বাহিনী নিয়ে অভিযান চালায় চন্দননগর পুলিশ। প্রথমে দীর্ঘক্ষণ দরজাই খোলেনি কেউ। পরে পোষ্য কুকুর ডোভারম্যানকে তদন্তকারীদের উপরে লেলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তারপরেও কোনও রকমে বাড়িতে ঢুকে অভিযান চালান তদন্তকারীরা। ততক্ষণে বাড়ির ছাদ থেকে দেড় কেজি সোনায় গয়না ও সাড়ে ১২ লক্ষ টাকা ছুড়ে ফেলে দেওয়া হয়। যদিও পরে সেগুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত বাপির ছেলে বিশাল মজুমদার ও তাঁর ভাই সুব্রত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মোট ১ কেজি ৫৩১ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার হয়েছে। এই সোনার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, এলাকায় সাট্টার কারবার নিয়ন্ত্রণ করতেন বাপি। দীর্ঘদিন ধরে তাঁর উপরে নজর ছিল তদন্তকারীদের। বুধবার রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালাতেই মেলে বিপুল সোনার গয়না ও নগদ অর্থ। এছাড়াও সাট্টা কারবার চালানোর একাধিক প্রমাণ বাড়ি থেকে পাওয়া গিয়েছে। মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।