• দীর্ঘদিনের ইচ্ছা ছিল কৈলাস দর্শন, নেপালে নিখোঁজ হাওড়ার বাসিন্দা অনিতা, চিন্তায় পরিবার
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • নেপালের হড়পা বান বিপর্যয়ে রাজ্যের ৩২ জন নিখোঁজ। সেই তালিকায় আছেন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা অনিতা দাস (৬৮)। বুধবার সকাল আটটা নাগাদ শেষবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল পরিবার। এ দিন সকালে অনিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পুলিশ আধিকারিকরা। নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ভারতীয়দের খোঁজার আপ্রাণ চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

    অনিতা দাসের দীর্ঘদিনের ইচ্ছা ছিল কৈলাস, মানস সরোবর যাত্রা। গত ২১ অগস্ট অনিতা দাস কলকাতার একটি ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে যাত্রা শুরু করেন। অনিতা দাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ তাঁর সঙ্গে শেষবার কথা হয়েছিল। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, তাঁরা নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি রয়েছেন এবং কিছু সময় পরে সেখান থেকে পরবর্তী যাত্রার উদ্দেশে রওনা হবেন।

    নেপালে ভয়াবহ ও প্রাকৃতিক বিপর্যয়ের খবর সামনে আসার পরে থেকেই পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের সদস্যরা অনিতা দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন পাওয়া যায়নি। এরপর তাঁরা সংশ্লিষ্ট ট্যুরিস্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও লাগাতার যোগাযোগ ও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত অনিতা দাস সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা নির্মলেন্দু দাস বলেন, ‘এ দিন সকালে আটটা নাগাদ থানা থেকে লোক এসেছিল। অনিতা নিখোঁজ রয়েছে, সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে। আমরা খুবই চিন্তায় আছি।’

    বৃহস্পতিবার সকালে সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা অনিতা দাসের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পুলিশ আধিকারিকরা পরিবারকে জানিয়েছেন যে, অনিতা দাসের খোঁজ চলছে এবং কোনও তথ্য পাওয়া গেলে পরিবারকে জানানো হবে। পাশাপাশি, পরিবারের সদস্যদের কাছেও আবেদন করা হয়েছে যে, কোনও সূত্রে অনিতা দাস সম্পর্কে তথ্য পেলে যেন তাঁরা অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে অনিতা দাসের পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন এবং তাঁর নিরাপদে বাড়ি ফিরে আসার আশায় প্রশাসন ও ট্যুর এজেন্সির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।

  • Link to this news (এই সময়)