• নেপালে বিপর্যয়: সেতু ভাঙতে দেখেই ফোন, অশোকের হদিশ না মেলায় উৎকণ্ঠায় বাঁকুড়ার পরিবার
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • নেপালের রুশাইয়ে জলের তোড়ে সেতু ভেঙে পড়ার ঘটনার পর থেকেই নিখোঁজ বাঁকুড়ার ইন্দপুরের বাসিন্দা অশোক পাল। যে এলাকায় সেতুটি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, সেখানেই একটি পাওয়ার প্রজেক্টে কাজ করছিলেন তিনি। ঘটনার পর থেকে তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানিয়েছেন পরিবারের লোকেরা। ফলে উৎকণ্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন তাঁরা।

    অশোক মধুনিয়া গ্রামের বাসিন্দা। বাড়ি ফিরলে তিনি বর্ধমানের লাকুড্ডিতে তাঁর বোনের বাড়িতে থাকতেন। গত প্রায় দশ বছর ধরে নেপালের ওই পাওয়ার প্রজেক্টে সুপারভাইজ়ার হিসেবে কাজ করছেন তিনি। অশোকের বোন কবিতা দাস জানান, বুধবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ অশোকের সঙ্গে তাঁর কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের দাবি, সেতু ভেঙে পড়ার যে ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে এসেছে, সেই এলাকাতেই অশোক কাজ করছিলেন। সেই কারণেই তাঁরা উদ্বিগ্ন। পরিবারের দাবি, ওই পাওয়ার প্রজেক্টে প্রায় ৪০ জন কর্মী কাজ করছিলেন। দুর্ঘটনার পর থেকে তাঁদের কারও সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না।

    অশোকের স্ত্রী তাঁদের দু’বছরের শিশুপুত্রকে নিয়ে বীরভূমের মল্লারপুরে তাঁর বাপের বাড়িতে থাকেন। অশোকই পরিবারের একমাত্র রোজগেরে। পরিবারের সদস্যরা জানান, গত বছর ভাইফোঁটার পর অশোক নেপালে যান। এ বছর দুর্গাপুজোর সময়ে তাঁর বর্ধমানে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নেপালে এই বিপর্যয়ের খবর আসে।

  • Link to this news (এই সময়)