• ২ টাকায় পছন্দের জামা, পুজোর আগে হাসি ফোটাচ্ছে বুদ্ধিশ্বরের হাট
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • দিতে হবে মাত্র ২ টাকা। তাহলেই হাতে আসবে ইচ্ছেমতো জামাকাপড়। পুজোর আর বাকি ৫০ দিন, তার আগেই বীরভূমের একটি প্রান্তিক গ্রামে পুজোর বাজার ঘিরে হুল্লোড়। নেপথ্যে রয়েছে বুদ্ধিশ্বর মণ্ডল নামে এক যুবকের নিরলস প্রচেষ্টা। পুজোর আগে আর্থ সামাজিক স্তরে প্রান্তিক অবস্থানে থাকা পরিবারগুলির মুখে হাসি ফোটাতেই এমন কাজ তাঁর।

    বুদ্ধিশ্বর কিছুদিন অন্তরই এই হাটের আয়োজন করে থাকেন। জামাকাপড় কোথায় পান? তিনি জানাচ্ছেন, নানা জায়গা থেকে অনেকে পুরোনো ও নতুন কাপড় দান করে সাহায্য করে। সেই কাপড় এ ভাবেই প্রান্তিক এলাকায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের হাতে তুলে দেন তিনি। ২ টাকা করে কেন নেন, সেটাও জানিয়েছেন বুদ্ধিশ্বর। তিনি জানাচ্ছেন, তাঁর আসল লক্ষ্য ওই পরিবারগুলির শিশুদের মুখে হাসি ফোটানো। যাতে তারা বিষয়টিকে দানের মতো করে না দেখে, সেই কারণেই ২টাকা নেন তিনি। তবে শেষে তাঁকে বলতেও শোনা গিয়েছে, ‘কিছু দিতে লাগবে না, যা পছন্দ নিয়ে নাও তোমরা।’

    এর আগেও যখন এমন হাটের আয়োজন হয়েছে, ততবার ক্রেতাদের ১০ টাকার ডিটারজেন্ট বিনামূল্যে দেওয়া হয়েছে। এ বার তার সঙ্গে জুড়েছে একটি করে ডায়েরি। বীরভূমের বাসিন্দা বুদ্ধিশ্বর পেশায় মার্শাল আর্ট ট্রেনার, এমন হাট বসানো তাঁর ব্যক্তিগত উদ্যোগ। তার ছাত্র-ছাত্রী এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সাহায্য পেয়ে থাকেন বলে জানালেন।

    এ বার বীরভূমের পারুই থানার অন্তর্গত নিমডাঙ্গা গ্রামে এই হাট বসেছিল। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের হাটে দুই হাজারের বেশি জামাকাপড় ছিল। ভিড় জমিয়েছিল দু’শোরও বেশি কচিকাঁচা। পছন্দের জামা নিয়ে তাদের হুল্লোড় ছিল চোখে পড়ার মতো।

  • Link to this news (এই সময়)