Breaking: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের হানা। বৃহস্পতিবার বিকেলে শেক্সপিয়র থানার পুলিশের একটি টিম অভিষেকের অফিসে যায়। সেই সময়ে অফিসে ছিলেন অভিষেক। অফিসের সামনেই রাস্তায় পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এর পরে অফিসের কর্মীদের বাইরে বের করে দিয়ে কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ কর্মীরা ভিতরে ঢোকেন। কলকাতা পুরসভার একটি নোটিস দেখিয়ে ওই অফিসে পুলিশ ভিতরে ঢোকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে বলে খবর।
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের বহুতলের মাথায় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ বলে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে। কলকাতা পুরসভার তরফে এই সাইনবোর্ড নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এর পরেই সেই সাইনবোর্ড থাকায় পুর কর্মীরা পুলিশকে নিয়ে ওই অফিসে যান। সেই সাইনবোর্ড ভেঙে সরিয়ে দেওয়া হয়।
অন্য দিকে, তৃণমূলের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ একটি ‘বেআইনি নোটিস’ নিয়ে ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জোরপূর্বক প্রবেশ করে। সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পুলিশ চড়াও হয় ও তাঁদের হেনস্থা করে। দলের কর্মী-সমর্থকদের ধাক্কাধাক্কি ও হেনস্থা করে। অফিসের মহিলা নিরাপত্তা কর্মীর পোশাক ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হবে বলেও জানানো হয়েছে।