হায়দরাবাদ, ২৭ আগস্ট: অন্ধ্র প্রদেশের পালনাডু জেলার চিলাকালুরিপেটে একটি বেসরকারি বাস এবং অটো-রিকশার মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন ছয়জন মহিলা এবং একজন পুরুষ। তারা সবাই ভেলুরু গ্রামের বাসিন্দা। একটি জন্মদিন অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। মৃতরা প্রত্যেকেই অটোর যাত্রী ছিলেন।
বাসটি তিরুপতির দিকে যাচ্ছিল। চিলাকালুরি পেটের কাছে বাইপাসে এক যাত্রীকে তুলে বাসটি নারাশারাওপেট বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়। কালা মন্দির জংশনের কাছে পৌঁছাতেইে ঘন্টায় ৪০ কিমি বেগে চলা বাসটির সামনে একটি অটো চলে আসে। অটো-রিকশাটি ভুল দিকে চলে গিয়ে বাসের সাথে সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর পালনাডু জেলায় এই সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ঘটনাস্থলেই মারা যান চার জন। বাকি তিনজনের মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এই দুর্ঘটনার পর পথ নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেনে স্থানীয়রা। অটো-রিকশাটি কি করে অন্য দিকে চলে তা নিয়ে উঠছে প্রশ্ন।