• নিউ টাউনে IT অফিস উদ্বোধন, বাংলায় বিনিয়োগ বাড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • কলকাতার নিউটাউনে লারসেন অ্যান্ড টুব্রোর মাইন্ড ট্রি-র তথ্যপ্রযুক্তির অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকে বাংলায় শিল্প প্রতিষ্ঠার বার্তা ফের শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। ক্ষমতায় আসার পরে থেকেই পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতির বদলের লক্ষ্যে তাঁর সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    এলটিআই মাইন্ড ট্রি-র অফিস উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এলঅ্যান্ডটি আন্তর্জাতিক স্তরের সংস্থা। এই বিনিয়োগে পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা চাকরি পাবেন। আমি চাইব আপনারা পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করুন। আপনাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার সবসময় রয়েছে। আমরা সব রকমের সাহায্য করতে প্রস্তুত রয়েছি।’

    পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলের স্বপ্ন দেখিয়ে রাজ্যের বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবক-যুবতীদের রাজ্যে ফেরার আহ্বানও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূল সরকারে ব্যর্থতা নিয়ে খোঁচাও দিয়েছেন। শুভেন্দু বলেছেন, ‘শিক্ষিত যুবকরা রাজ্যেই কাজ চাইছেন। কিন্তু তাঁরা কাজ পাচ্ছেন না। শিক্ষক বেকার যুবকরা কাঁদছেন। তাঁরা চাকরি চান, ব্যবসা করতে চান। আগের সরকারের আমলে পরিস্থিতি অনুকূল ছিল না। এখন ডবল ইঞ্জিনের সরকার তাঁদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্যই রাজ্যের পু্নর্গঠনে আমরা নজর দিয়েছি।’

    আগামীকাল রাখীবন্ধন উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে চার হাজার অনুষ্ঠান হবে বলেও জানিয়েছেন তিনি। এই বছরের রাখীবন্ধন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, তাকে দেশপ্রেমের অনুষ্ঠান বলে চিহ্নিত করেছেন তিনি। এ প্রসঙ্গে বলেছেন, ‘এ বারের রাখীপূর্ণিমা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। এ বছর পশ্চিমবঙ্গ সরকার রাখীবন্ধনকে দেশপ্রেমের বন্ধন হিসেবে উদযাপন করবে। নরেন্দ্র মোদীর নেতৃত্ব পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে কোটি কোটি মানুষ হাতে হাত রেখে শপথ নেবে।’
  • Link to this news (এই সময়)