• মুক্তির আগেই আমেরিকার মাটিতে ঝড়! পুজোয় আসার আগেই কোন ইতিহাস গড়ল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’?
    আজকাল | ২৭ আগস্ট ২০২৬
  • বাঙালি দর্শকের জন্য এখন দুর্গাপুজো মানেই কিন্তু নতুন ছবির উৎসব, জমজমাট বিনোদন আর উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফ থেকে বড়পর্দায় কোনও বড় চমক। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যাযয়ের হাত ধরে এবার পুজোয় আসছে লোমহর্ষক সব ডাকাতির সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবির বিভিন্ন চরিত্রের তাক লাগানো লুক সামনে আসার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। আর এবার পোস্টার মুক্তির সঙ্গেই এল এক বড়সড় ঘোষণা, যা বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল মাইলফলক স্পর্শ করল!

    ছবির পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর অফিসিয়াল ফেসবুক হ্যান্ডলে একটি বড় ঘোষণা করে জানান যে, আমেরিকার মাটিতে শুরু হয়ে গেছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-র অ্যাডভান্স বুকিং।

    ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাট (IFAC)-এর উদ্যোগে আগামী ১৫ নভেম্বর বোস্টন এবং ২২ নভেম্বর কানেকটিকাটে প্রদর্শিত হবে ছবিটি। সিনেমা মুক্তির প্রায় দু'মাস আগে বিদেশে বাংলা ছবির অগ্রিম টিকিট বুকিং চালু হওয়ার ঘটনা উইন্ডোজ প্রোডাকশনের কেরিয়ারে এই প্রথম, যা গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই এক গর্বের মুহূর্ত। নির্মাতাদের পক্ষ থেকে এই ঘোষণার সঙ্গেই প্রকাশ করা হয়েছে ছবিটির অফিশিয়াল পোস্টারও।

    জিনিয়া সেনের চিত্রনাট্যে নির্মিত এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি। তবে শুধু বিদেশের মাটিতে চমক দেওয়াই নয়, বাংলার বক্স অফিসের লড়াইয়েও বড় চমক অপেক্ষা করছে। পুজোয় বক্স অফিসে এই ছবিটির মুখোমুখি হবে একাধিক হেভিওয়েট প্রতিযোগী—যার মধ্যে রয়েছে ‘দেশু ৭’, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ এবং ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-র মতো একাধিক প্রতীক্ষিত ছবি।

    পুলিশ-ডাকাতদের রোমাঞ্চকর দুনিয়া এবং টানটান উত্তেজনার গল্প নিয়ে তৈরি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ কি তবে বক্স অফিসের সিংহভাগ দখল করতে পারবে? মার্কিন মুলুকে আগেই সাড়া ফেলে দেওয়া এই ছবি বাংলা সিনেমার বাজারে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা!
  • Link to this news (আজকাল)