• ছোটপর্দায় প্রথমবার দেবী দুর্গার রূপে তিতিক্ষা দাস, মহালয়ার ভোরে কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?
    আজকাল | ২৭ আগস্ট ২০২৬
  • মহালয়া এগিয়ে আসছে। দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু। প্রতিটা বাংলা টেলিভিশন চ্যানেলেই শুরু হয়েছে মহালয়া নিয়ে তোড়জোড়। এবার সিটিভিএন চ্যানেলে দেবী দুর্গার রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। এর আগে দেবীর বিভিন্ন রূপে দেখা গেলেও, এই প্রথমবার কোনও চ্যানেলের দুর্গা হিসেবে দেখা যেতে চলেছে তাঁকে।

    সূত্রের খবর, ইতিমধ্যেই তিতিক্ষার কাছে সিটিভিএন-এর মহালয়ার প্রস্তাব গিয়েছে। আর তাতে রাজিও হয়েছেন অভিনেত্রী। আর কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে বলেও জানা যাচ্ছে। তবে তিতিক্ষার বিপরীতে মহাদেবের চরিত্রে কাকে দেখা যাবে সেটা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে, রণক্ষেত্রে তিতিক্ষা কার সঙ্গে লড়বেন অর্থাৎ মহিষাসুরের চরিত্রে দেখা যাবে কোন অভিনেতাকে? তা-ও চূড়ান্ত নয়। ইতিমধ্যেই দেবীর চরিত্রে ধরা দেবেন বলে প্রস্তুতি শুরু করেছেন তিতিক্ষা।

    চলতি বছর পুজোয় তিতিক্ষা আরও এক চমক আনছেন দর্শকের জন্য। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ও প্রযোজনায় আসছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তিতিক্ষাকে।

    আজকাল ডট ইন-কে অভিনেত্রী এই ছবি প্রসঙ্গে বলেছিলেন, "বড়পর্দায় কাজ করা সব সময় আলাদা এক্সপিরিয়েন্স। যাঁদের হাত ধরে বড়পর্দায় কাজ করছি নন্দিতাদি ও শিবপ্রসাদদা, আর উইন্ডোজ প্রোডাকশন, সত্যিই ভাগ্যের ব্যাপার। যেদিন শিবুদা আমায় জানান, আমি এই প্রজেক্টের অংশ, সেদিন থেকেই আমার সঙ্গে পরিচালক কিংবা প্রযোজকের মতো ব্যবহার করেননি। এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন যাতে আমার কাজটা আরও সহজ হয়। বুঝতেই দেননি এটা আমার প্রথম বড়পর্দায় কাজ। আশা করব, আরও অনেক কাজ হবে উইন্ডোজের সঙ্গে।"
  • Link to this news (আজকাল)