• নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, খোঁজ পাওয়া যাচ্ছে না বারাসতের এক বৃদ্ধার
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত: নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে গত ২১ আগস্ট পড়শি এই দেশে বেড়াতে গিয়েছেন তিনি। গতকাল থেকে তাঁর কোনো খোঁজ নেই। এমনই জানিয়েছেন তাঁর স্বামী শুভ্রাংশু রায়।

    তিনি বলেছেন, ‘শর্মিষ্ঠা একাই নেপালে বেড়াতে গিয়েছে। ছেলে-মেয়ে আমার সঙ্গে আছে। বিপর্যয়ের খবর পাওয়ার পর থেকে আমরা ওর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু এখনো পর্যন্ত তা কোনোভাবে সম্ভব হয়নি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ 

    খোঁজ পাওয়া যাচ্ছে না সুস্মিতা ভট্টাচার্য নামে বারাসতের এক বাসিন্দারও। উৎকণ্ঠায় গোটা পরিবার। গত সোমবার কৈলাস মানসরোবর যাওয়ার কথা ছিল বছর ৬৪ বয়সি ওই বৃদ্ধার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন কেরুংয়ের কাছে হড়পা বানে সম্ভবত ভেসে যান সুস্মিতা। তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি।

    নেপালে ভয়াবহ হড়পা বানে এখনও পর্যন্ত অন্তত ১৭৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অন্তত দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে বড়ো অংশ পর্যটক। খোঁজ পাওয়া যাচ্ছে না প্রায় ৩০০ ভারতীয় পর্যটকেরও। জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। আজ সকালে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।
  • Link to this news (বর্তমান)