• ইমনের ‘পরম্পরা’য় মিলবে তিন প্রজন্ম, কেন এই বিশেষ অনুষ্ঠান? নেপথ্যের ভাবনা জানালেন গায়িকা
    আজকাল | ২৭ আগস্ট ২০২৬
  • মায়ের হাত ধরে যে সঙ্গীতের পথচলা শুরু হয়েছিল, আজ সেই সুরের উত্তরাধিকারই নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চান জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। সেই ভাবনা থেকেই তাঁর কাছে ‘পরম্পরা’ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং গুরু-শিষ্য পরম্পরায় সঙ্গীতচর্চার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বিশেষ প্রয়াস। আগামী ২৯ আগস্ট কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে ইমন সঙ্গীত অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান ‘পরম্পরা’। অনুষ্ঠানে অ্যাকাডেমির ১৫০-এর বেশি ছাত্রছাত্রী অংশ নেবে।

    ‘পরম্পরা’ নামটির মধ্যেই অনুষ্ঠানের মূল ভাবনাটি লুকিয়ে রয়েছে বলে জানালেন ইমন। তাঁর কথায়, উত্তরাধিকার সূত্রে শিল্পের যে ধারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বহমান থাকে, সেই ভাবনা থেকেই অনুষ্ঠানের নাম ‘পরম্পরা’। তাঁর নিজের ক্ষেত্রে সেই পরম্পরার প্রথম গুরু তাঁর মা, প্রয়াত তৃষ্ণা চক্রবর্তী। মায়ের কাছেই ছোটবেলা থেকে তাঁর সঙ্গীতশিক্ষার শুরু। পরবর্তী সময়ে যাঁদের কাছে তিনি গান শিখেছেন, তাঁদের শিক্ষার পাশাপাশি আজ তাঁর নিজের ছাত্রছাত্রীরাও সেই সঙ্গীতধারার অংশ হয়ে উঠেছে।

    তৃষ্ণা চক্রবর্তীর তৈরি করা সঙ্গীতের স্কুলই বর্তমানে ইমনের দায়িত্বে। ‘ইমন সঙ্গীত অ্যাকাডেমি’ নামটিও তাঁর মায়েরই দেওয়া। ফলে এই প্রতিষ্ঠানকে ঘিরে ইমনের দায়িত্ব শুধু একজন শিল্পী হিসেবে গান শেখানোয় সীমাবদ্ধ নয়। ছাত্রছাত্রীরা কী শিখছে, সঙ্গীতের প্রতি তাদের অনুশীলন ও মনোযোগ কতটা তৈরি হচ্ছে এবং মঞ্চে নিজেদের কতটা প্রকাশ করতে পারছে, সেই বিষয়গুলিও নিয়মিতভাবে দেখেন তিনি।

    প্রতিবছর বসন্ত উৎসবের আয়োজন করেন ইমন চক্রবর্তী। সেখানে ছাত্রছাত্রীরা অংশ নিলেও অনুষ্ঠানে মূলত প্রতিষ্ঠিত শিল্পীদেরই উপস্থিতি থাকে। বসন্তে প্রকৃতির রঙে রঙিন মনের আনন্দ দিতে বিনোদন প্রাধান্য পায় সেই অনুষ্ঠানে৷ কিন্তু ‘পরম্পরা’ সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের জন্য তৈরি একটি অনুষ্ঠান। মাসের পর মাস প্রশিক্ষণ ও মহড়ার পর এই মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবে অ্যাকাডেমির পড়ুয়ারা। ইমনের মতে, এটি শুধুমাত্র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং ছাত্রছাত্রীদের নিজেদের শেখা গান ও পরিবেশনক্ষমতা যাচাই করারও একটি সুযোগ।

    এই অনুষ্ঠানে বোনের সঙ্গেও গান গাইবেন ইমন। কারণ তাঁর বোন 'ইমন সঙ্গীত অ্যাকাডেমি'র সবচেয়ে পুরনো ছাত্রছাত্রী। ফলে একই মঞ্চে দুই বোনের এই পরিবেশনও অনুষ্ঠানে যোগ করবে বিশেষ আবেগ।

    গুরু-শিষ্য পরম্পরার মধ্য দিয়েই ভারতীয় সঙ্গীতের ধারা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে এসেছে। সেই ধারাকেই সামনে রেখে এবার প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠান আয়োজন করছেন ইমন, যেখানে মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের পারফরম্যান্সকে সামনে আনা। কোথায় তারা ভালো করছে, কোথায় আরও নজর দেওয়া প্রয়োজন, কোন জায়গায় নিজেদের আরও তৈরি করতে হবে—‘পরম্পরা’র মঞ্চ সেই মূল্যায়নেরও ক্ষেত্র হয়ে উঠবে।

    রবীন্দ্রসঙ্গীত, বাংলা চলচ্চিত্রের গান, লোকসঙ্গীত থেকে সমকালীন সঙ্গীত, বিভিন্ন ধারায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন ইমন চক্রবর্তী। ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। অন্যদিকে, মায়ের তৈরি সঙ্গীতশিক্ষার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের তৈরি করার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন। তাই ইমনের কাছে ‘পরম্পরা’ একইসঙ্গে মায়ের স্মৃতি, গুরুর শিক্ষা এবং আগামী প্রজন্মের হাতে সঙ্গীতের উত্তরাধিকার তুলে দেওয়ার সুরসফর৷
  • Link to this news (আজকাল)