• নেপালে মৃত্যুমিছিল, মৃত বেড়ে ৩৫৯! নিখোঁজদের মধ্যে বাঙালিও
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • নেপালের ভয়াবহ হড়পা বানের পরে থেকে মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সরকারি ভাবে বৃহস্পতিবার বিকাল অবধি মৃতের সংখ্যা ৩৫৯ জন, ৮২৬-এর বেশি নিখোঁজ। বেসরকারি ভাবে সংখ্যাটা অনেক। নদীর স্রোতে ভেসে যাওয়া বা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া বহু মানুষের এখনও কোনও সন্ধান নেই। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাসুয়ায় ১৭টি, নুয়াকোটে ২৮টি, ধাদিংয়ে ৩৩টি, চিতওয়ানে ১৩২টি, গোর্খায় ৩০টি, তানাহুনে ২২টি, পূর্ব নওয়ালপরাসিতে ৮২টি এবং পশ্চিম নওয়ালপরাসিতে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    এই বিপর্যয়ের সবচেয়ে ভয়াবহ ছবি দেখা গিয়েছে রাসুয়া ও নুওয়াকোট জেলায়। ভোটকোশি নদী এবং তার সঙ্গে যুক্ত নদীগুলিতে আচমকা জল ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে আসে। নদীর দুই তীরের বহু বাড়ি, বাজার, রাস্তা এবং সেতু কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়।

    কোথাও বাড়িঘর পুরোপুরি ভেসে গিয়েছে, আবার কোথাও বাড়ির নীচের অংশ কয়েক মিটার পুরু কাদা ও পলির নীচে চাপা পড়েছে। নদীর তীরবর্তী এলাকায় এখনও পড়ে রয়েছে গাড়ি, কাঠ, লোহার সামগ্রী এবং বাড়িঘরের ধ্বংসাবশেষ। ফলে উদ্ধারকারী দলকে একদিকে কাদা সরাতে হচ্ছে, অন্যদিকে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

    নেপালের বিপর্যয় মোকাবিলা দপ্তরের (National Disaster Risk Reduction and Management Authority) সর্বশেষ হিসাব অনুযায়ী, ৮২৬ জনের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের মধ্যে সাধারণ বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।

    নিখোঁজদের মধ্যে রয়েছেন—

    ৪৪ জন নেপাল সেনা জওয়ান
    ২৮ জন নেপাল পুলিশকর্মী
    ১৩ জন সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য
    ৫৯০ জন সাধারণ মানুষ ও পর্যটক

    নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৭৬ জন বিদেশি এবং ১১৪ জন নেপালি নাগরিক। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নেপালে থাকা ২৮৮ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর মধ্যে রয়েছেন বাংলার মানুষও। বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে জানানো হয়েছে, এই রাজ্যের ৩২ জন বাসিন্দার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। তাঁদের নাম-ঠিকানাও প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। নিখোঁজের তালিকায় রয়েছেন কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, দার্জিলিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার পর্যটকেরা।

    দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বহু মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে নেপাল সরকার। উদ্ধার অভিযান এগোলে তাঁদের অনেকের সন্ধান মিলতে পারে বলে আশা করছে প্রশাসন।

    জরুরি হেল্পলাইন নম্বর

    বিদেশ মন্ত্রকের তরফে ২৪x৭-এর একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নেপালে আটকে থাকা কোনও নাগরিকদের সম্পর্কে তথ্য জানতে হলে ফোন করা যাবে—

    +91 11 2308 8718
    +91 11 2308 8719
    হোয়াটস অ্যাপ কল বা মেসেজের জন্য— +91 9968291988
    ইমেল: situationroom@mea.gov.in

    ভারতীয় দূতাবাস কাঠমান্ডুতে নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য হেল্পলাইন চালু করেছে। নম্বরগুলো হলো—

    +977 985 131 6807
    +977 970 910 7500
    +977 981 032 6117

    পশ্চিমবঙ্গ সরকারের তরফে দু’টি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। তা হলো—
    033-2479 3311
    +91 47890181

    উদ্ধার অভিযান চললেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। হিমালয়ের দুর্গম অঞ্চলে আরও ধস বা হড়পা বানের আশঙ্কা রয়েছে। কোথাও নদীর গতিপথে ধসের কারণে জল আটকে থাকলে পরে ফের আচমকা জল নেমে আসার ঝুঁকি তৈরি হতে পারে।
  • Link to this news (এই সময়)