• পুলিশকে কলার ধরে মার! ‘বেআইনি’ বিলবোর্ড খোলা নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ধুন্ধুমার
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৬
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার। ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলেই খবর। পুরকর্মীদেরও বারবার বাধা দেওয়া হয়। কলকাতা পুরসভার দাবি ওই বিলবোর্ডটি ‘বেআইনি’। তাই সেটি যেকোনওভাবে খুলে দেওয়া হবে। অভিষেক অবশ্য সে দাবি মানতে নারাজ। এদিকে, এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। 

    বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন। তাঁদের সঙ্গে রয়েছে গ্যাসকাটার। বেরিয়ে আসেন অভিষেক। অর্ডার কপি দেখতে চান। অভিষেকের দাবি, পুরকর্মীরা তা দেখাতে পারেননি। তা নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডাও হয়। অভিষেক বলেন, “আমার অফিসের বাইরে কী বোর্ড লাগাব, তা পুরসভা ঠিক করবে। আজ হাতেনাতে ধরা পড়া গিয়েছে। অর্ডার ঠিক করতে গিয়েছে। পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি। গ্যাসকাটার নিয়ে আপনি তদারকি করতে এসেছেন। এটা বেআইনি প্রবেশ ছাড়া কিছুই নয়।”

    বিজেপিকে তোপ দেগে অভিষেক আরও বলেন, “আপনি যা ইচ্ছা তাই করবেন? দেশে গণতন্ত্র, সংবিধান বলে কিছু নেই। প্রয়োজনে আদালতে মামলা হবে। বিচারব্যবস্থা যা রায় দেবে মাথা পেতে নেব।” এরপর অর্ডার কপি সংশোধন করতে চলে যান পুরকর্মীরা। কিছুটা সময় পর পুলিশ কার্যত জোর করে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে পড়ে। বেশ কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে হাতাহাতি হয় মহিলা পুলিশের। যেভাবে সম্ভব ওই বিলবোর্ডটি এদিন খোলা হবে বলেই জানান পুরকর্মীরা। 
  • Link to this news (প্রতিদিন)