অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে আচমকা একটি মেট্রো দাঁড়িয়ে পড়ে। তার ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দাঁড়িয়ে পড়ে ওই মেট্রোটি। কিছুক্ষণের মধ্যে মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, আপাতত আংশিক মেট্রো পরিষেবা চালু রয়েছে। ব্লু লাইনে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার স্টেশন অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা চলছে। মাঝের অংশ বন্ধ মেট্রো চলাচল। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এদিকে, বৃহস্পতিবারের সন্ধ্যায় এই যান্ত্রিক ত্রুটির জেরে স্বাভাবিকভাবেই বিপাকে যাত্রীরা। তাঁরা বাধ্য হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। তবে অফিস ফিরতি সময়ে অন্যান্য গণপরিবহণেও ভিড় যথেষ্ট বেশি। তার উপরে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় চিঁড়েচ্যাপ্টা দশা যাত্রীদের।