নরেন্দ্র মোদী সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘জন ধন যোজনা’।
১২ বছর পূর্ণ করে ফেলল ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’ প্রকল্প৷ সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ইউপিএ- ২ সরকারকে সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছিল ২০১৪ সালে৷ এর পরেই ২৮ অগস্ট ২০১৪ সালে মোদী সরকার শুরু করেছিল ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’৷
মোদীর নির্দেশে পরিচালিত এই কেন্দ্রীয় প্রকল্পে দেশের নাগরিকদের ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে সংযুক্ত করার কাজ শুরু করা হয়েছে যেখানে শূন্য ব্যালেন্সেও দেশের নাগরিকদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছে মোদী সরকার ৷ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ভর্তুকির টাকা প্রদান করা হয়ে থাকে৷ এই অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের ‘রুপে’ ডেবিট কার্ডের মাধ্যমে দুর্ঘটনা বীমারও সুযোগ পেয়ে থাকেন৷
বৃহস্পতিবার জন ধন যোজনার দ্বাদশ বর্ষপূর্তির দিনে কেন্দ্রীয় সরকারি সূত্রে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে বর্তমানে দেশের ৫৯ কোটি ৯ লক্ষ নাগরিক এই উন্নয়নমুখী কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী৷ এর মধ্যে আছেন ৩২ কোটি ৯২ লক্ষ মহিলা৷ ২০১৫ সালে জন ধন অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা ছিল ১৪ কোটি ৭২ লক্ষ৷ ১১ বছরের মধ্যে সংখ্যাটি পৌঁছে গিয়েছে ৫৯ কোটি ৯ লক্ষে৷ আগামী দিনে এই সংখ্যা আরও বহুগুণ বাড়বে বলেই মনে করছেন কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত উচ্চপদস্থ আমলাদের একটা বড় অংশ৷ ১৯ অগস্ট ২০২৬ পর্যন্ত জন ধন অ্যাকাউন্টগুলোতে মোট জমার পরিমাণ ছিল ৩,১৬,৫১৪ কোটি টাকা এবং প্রতি অ্যাকাউন্টে গড় জমার পরিমাণ ছিল ৫,৩৫৬ টাকা। সরকারি সূত্রে দাবি, গত ১২ বছরে অ্যাকাউন্টের সংখ্যা ২.৩ গুণ এবং জমার পরিমাণ ১২.৮ গুণ বৃদ্ধি পেয়েছে।
গত ১২ বছরের পরিসংখ্যানের ভিত্তিতেই বৃহস্পতিবার দিল্লিতে সরকারি সূত্রে দাবি করা হয়েছে, মোদী সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের শরিক হিসেবে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অধিবাসীদের মধ্যে ‘পিএম জন ধন যোজনা’ প্রকল্পকে কেন্দ্র করে একটা জনচেতনা তৈরি হয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ নাগরিকা বুঝতে পারছেন যে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত আর্থিক ভর্তুকি পাওয়ার জন্য তাদের জন ধন যোজনার সঙ্গে সংযুক্ত হওয়ার প্রয়োজনীয়তা কতটা৷ এই গণচেতনা দেশের আর্থিক সমৃদ্ধি সুনিশ্চিত করছে, ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোকে আরও শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছে, বৃহস্পতিবার এমনই দাবি জানানো হয়েছে সরকারি সূত্রে৷ গত ১২ বছরে পর্যায়ক্রমে দেশের ৩২ কোটি ৯২ লক্ষ মহিলা এই জন ধন যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন৷ তাঁদের এই সিদ্ধান্ত মহিলাদের ক্ষমতায়ন সুনিশ্চিত করেছে, দাবি জানানো হয়েছে অর্থ মন্ত্রক সূত্রে৷