• বাড়ি থেকে পালিয়ে সাইকেলে করে দিঘার পথে দুই নাবালক, তার পর…
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • তাদের বেড়াতে যাওয়ার ইচ্ছে। কিন্তু বাড়ির কেউই ঘুরতে নিয়ে যায় না তাদের। তাই বাড়ির কাউকে না বলেই বেরিয়ে পড়েছিল দুই নাবালক। ইচ্ছে ছিল সাইকেলে করে দিঘা যাওয়ার। তবে, তার আগেই ধরা পড়ে গেল দু'জনেই। পরে নদিয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকার পুলিশ তাদের তুলে দেয় পরিবারের হাতে।

    বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কিছু না জানিয়েই বেরিয়েছিল তিন নাবালক। তিন জনেই নবদ্বীপ থানার ভালুকা বটতলা এলাকার বাসিন্দা। এ দিন স্কুল ছুটি ছিল। সেই সুযোগকে কাজে লাগায় তিন বন্ধু। সাইকেলে করে দিঘা যাওয়ার পরিকল্পনা করে তারা। দু’টি সাইকেলে রওনা দেয় তিন জন। তবে, কিছুটা যাওয়ার পরে একজন ফিরে আসে। অন্য দু'জন এগিয়ে যায়।

    জানা গিয়েছে, প্রায় ১৫ কিলোমিটার জাতীয় সড়ক ধরে সাইকেল চালানোর পর ফুলিয়ায় এক ব্যক্তির নজরে পরে তারা। বিষয়টি জানানো হয় ফুলিয়া পুলিশ ক্যাম্পের কর্মীদের। সন্দেহ হওয়ায় ওই দুই নাবালককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করে। সেই সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

    এদিকে, সন্তানদের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল দুই পরিবার। পুলিশের ফোন পেয়ে পরিবারের সদস্যরা ফুলিয়া ক্যাম্পে পৌঁছে ছেলেদের নিয়ে যান।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু'জনের মধ্যে একজনের বয়স ১৪ জন, আর এক জনের বয়স মাত্র ১২ বছর। তাদের ফুলিয়ার প্রফুল্লনগর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। খিদে পাওয়ায় স্থানীয় এক ব্যক্তির কাছে টাকা চেয়েছিল তারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সিভিক ভলান্টিয়ারকে ফোন করেন তিনি।

    ওই ব্যক্তির দাবি, দুই নাবালক জানিয়েছিল যে বাড়ির কেউ তাদের ঘুরতে নিয়ে যায় না। সেই কারণে সাইকেলেক করে দিঘা যাচ্ছিল তারা।

    পরে ফুলিয়ার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জয় চট্টোপাধ্যায় ও তন্ময় মণ্ডল উদ্যোগে তাদের উদ্ধার করা হয়।

    সন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন। এ বার ছেলেদের কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তাঁদের পরামর্শ দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)