• হু হু করে বাড়ছে জলস্তর, সতর্কবার্তা ফরাক্কায়, আতঙ্ক বাড়ছে নদীপাড়ের বাসিন্দাদের
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • বিপদসীমা পেরিয়েছে গঙ্গা। জলস্তর আরও বাড়ার পূর্বাভাসে আতঙ্ক ছড়িয়েছে ফরাক্কার নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায়। প্রশাসনের তরফে বার বার সতর্কবার্তা এবং মোবাইলে মেসেজ আসায় উদ্বেগ আরও বেড়েছে বাসিন্দাদের মধ্যে। গঙ্গার জলস্তর বাড়তে থাকলে নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে জল ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়েরা।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নেপাল থেকে গণ্ডক নদী হয়ে অতিরিক্ত জল পাটনায় গঙ্গায় মিশছে। সেই জল রাজমহল হয়ে ফরাক্কার দিকে আসায় আগামী কয়েক ঘণ্টায় গঙ্গার জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা ও ব্লক প্রশাসন।

    ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরডি দেশপান্ডে জানান, আপস্ট্রিম থেকে আসা জলের মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক জল ফিডার ক্যানাল দিয়ে ছাড়া হচ্ছে। পাশাপাশি ডাউনস্ট্রিমে প্রায় সাড়ে ১১ লক্ষ কিউসেক জল প্রবাহিত হচ্ছে। সিডব্লিউসি-র আধিকারিক সঞ্জীবকুমার বলেন, ‘শুক্রবার রাত ৮টার মধ্যে ২২.৮৫ মিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস রয়েছে। নেপালে হওয়া হড়কা বানের প্রভাবেও এই জলবৃদ্ধি হতে পারে।’

    প্রশাসনের সতর্কবার্তায় দুশ্চিন্তা বেড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। ফরাক্কার বাসিন্দা শরৎ হালদারের কথায়, ‘প্রশাসন থেকে বার বার মেসেজ আসছে, সাবধান থাকতে বলা হচ্ছে। আর এক মিটার জল বাড়লে নালা দিয়ে গ্রামে জল ঢোকার আশঙ্কা রয়েছে। আমরা খুব ভয়েই আছি। টিনের ঘরবাড়ি, গরিব মানুষ। বন্যা হলে যাব কোথায়, থাকব কোথায়—সেটাই চিন্তা।’

    গঙ্গার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে নদীপাড়ের নিচু এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জলস্তর আরও বাড়লে পরিস্থিতি কোন দিকে যায়, সে দিকেই তাকিয়ে নদীপাড়ের বাসিন্দারা। ফরাক্কার বিডিও সুজয় ব্যাপারী বলেন, ‘নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

  • Link to this news (এই সময়)