• প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ? পোড় খাওয়া নেতাদের পিছনে ফেলে তৃতীয় এই ‘সুপারস্টার’, প্রথম কে?
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ দেশবাসীর? প্রথম স্থানে এখনও নরেন্দ্র মোদী। গত ১২ বছর ধরে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। দ্বিতীয় স্থানে দেশবাসীর পছন্দ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। কিন্তু তৃতীয় স্থানে রয়েছে বড় চমক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার তিন মাসের মধ্যেই দেশ জুড়ে আলোচনায় উঠে এসেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। পোড় খাওয়া রাজনীতিবিদদের পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। India Today-CVoter Mood of the Nation-এর সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।

    জাতীয় রাজনীতির প্রেক্ষিতে বিজয়ের তৃতীয় স্থানে উঠে আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের মহলের একাংশ। সমীক্ষা অনুযায়ী, মোদী পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট। রাহুলের ঝুলিতে গিয়েছে ২৭.১ শতাংশ। আর বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৯.২ শতাংশ দেশবাসী। শতাংশের নিরিখে অনেকটা পিছনে ঠিকই, কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদদের পিছনে ফেলে তাঁর এই উত্থান জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ।

    উল্লেখযোগ্য বিষয় হল, তামিলনাড়ুতে কংগ্রেসের সমর্থনেই সরকার চালাচ্ছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাঘম (TVK)। ফলে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ের উত্থানে রাহুলের জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাঁটা পড়বে কি না, সেই প্রশ্নও উঠছে। সমীক্ষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে দিয়েছেন তিনি। মমতার ঝুলিতে গিয়েছে ২ শতাংশ ভোট। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তিনি চতুর্থ পছন্দ।

    তবে চমক আরও রয়েছে। পঞ্চম স্থানে রয়েছেন সমাদবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি পেয়েছেন ১.৭ শতাংশ ভোট। ষষ্ঠ স্থানে রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ১.৩ শতাংশ দেশবাসী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাঁকে। আর ১.২ শতাংশ ভোট পেয়ে সপ্তম স্থানে রয়েছেন আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, ১ জুলাই থেকে ২৫ অগস্ট পর্যন্ত ২৫,১৮৪ জনের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি, গত ছ’মাসের নিয়মিত ট্র্যাকিংয়ে নেওয়া আরও ৯১,৭৯৫ জনের সাক্ষাৎকারের তথ্যও বিশ্লেষণে রাখা হয়েছে। সব মিলিয়ে ১,১৬,৯৭৯ জনের সাক্ষাৎকারের তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে সমীক্ষার ফল।

    শুধু প্রধানমন্ত্রী মুখ হিসেবে নয়, প্রধান বিরোধী নেতা হিসেবে দ্রুত উত্থান হচ্ছে বিজয়ের। বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন ১২.২ শতাংশ দেশবাসী। রাহুলের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। রাহুলের ঝুলিতে রয়েছে ২৯ শতাংশ ভোট। তিনিই এখন শীর্ষে। ৮.৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মমতা। এর পরে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর ঝুলিতে গিয়েছে ৭.৫ শতাংশ ভোট।

    ১. প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর প্রথম পছন্দ কে?

    নরেন্দ্র মোদী। তিনি ৪৮.৭ শতাংশ ভোট পেয়েছেন।

    ২. প্রধানমন্ত্রী পছন্দে বিজয় কত নম্বরে?

    বিজয় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৯.২ শতাংশ মানুষ।

    ৩. প্রধানমন্ত্রী পছন্দের তালিকায় রাহুল গান্ধী কত শতাংশ ভোট পেয়েছেন?

    রাহুল গান্ধী ২৭.১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

    ৪. মমতা বন্দ্যোপাধ্যায় কত শতাংশ ভোট পেয়েছেন?

    মমতা বন্দ্যোপাধ্যায় ২ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

    ৫. বিরোধী জোটের নেতা হিসেবে বিজয় কত শতাংশ ভোট পেয়েছেন?

    ১২.২ শতাংশ মানুষ বিজয়কে বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছেন। তিনি এই তালিকায় রাহুল গান্ধীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন।

    ৬. সমীক্ষায় মোট কত জনের তথ্য ব্যবহার করা হয়েছে?

    ২৫,১৮৪ জনের সরাসরি সাক্ষাৎকারের পাশাপাশি গত ছ’মাসের ৯১,৭৯৫টি সাক্ষাৎকারের তথ্য ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ১,১৬,৯৭৯টি সাক্ষাৎকারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)