এই সময়: নারী নির্যাতনে কঠোর পদক্ষেপের জন্য ফের পুলিশকে আগাম ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠানে তাঁর বার্তা — নারী নির্যাতন বা পকসো–য় তদন্তকারী পুলিশকে কারও নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। কঠোর পদক্ষেপে পুলিশের সামনে তিনি ‘ঢাল’ হয়ে দাঁড়াবেন বলেও আশ্বাস দেন। লোকবল না বাড়লে পুলিশের মনোবল যে সে ভাবে বাড়ানো যাবে না, তা–ও জানান মুখ্যমন্ত্রী।
পুলিশকর্মী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০ জন সদস্যকে ‘জীবনরক্ষা পদক’-এ সম্মানিত করেন শুভেন্দু। সম্প্রতি তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই ১০ জন। বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।
অনুষ্ঠানে শুভেন্দু বলেন, ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নারী নির্যাতনের মতো ঘটনায় ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলবেন। রাষ্ট্রবিরোধীদের শায়েস্তা করতে কারও কথা শুনবেন না। আরজি করের মতো বা পকসো আইনের আওতায় যে সব ঘটনা ঘটবে, তার মোকাবিলা করতেও নির্দেশের অপেক্ষা করার দরকার নেই। যত কঠোর হতে হয় হবেন, আপনাদের হয়ে শিল্ড হয়ে দাঁড়াব আমি।’ একই সঙ্গে পুরোনো বিপর্যয়ের প্রসঙ্গ তুলে তাঁর সংযোজন, ‘পোস্তায় ফ্লাইওভার ভেঙে পড়তে দেখেছি। এক জনকেও জীবন্ত অবস্থায় উদ্ধার করা যায়নি। মাঝেরহাট দেখেছি, গার্ডেনরিচ দেখেছি, সবাই চাপা পড়ে মারা গিয়েছেন। কাউকে উদ্ধার করা যায়নি। কিন্তু আমি তারাতলা দেখলাম। পুলিশ জানার পরে বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ২০ জনের প্রাণ বাঁচানো হলো।’ নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮০ জনকে উদ্ধারের কথাও জানান।
‘অর্জুন’ নামে সিভিল ডিফেন্সে দু’শো জনের নতুন স্কোয়াড তৈরি হচ্ছে। পুজোর আগেই তা লঞ্চ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে ৪০ বছর বয়স পর্যন্ত ৮০-৯০ জনকে পাওয়া গিয়েছে। তাঁদের দিয়েই শুরু হচ্ছে। তার পরে আমরা অগ্নিবীরদের এই বাহিনীতে নেব।’
পশ্চিমবঙ্গের পুলিশকে ঢেলে সাজতে একাধিক পদক্ষেপের পাশাপাশি এ দিন একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন শুভেন্দু। বলেন, ‘বেঙ্গল পুলিশে লোকবল বাড়াতে হবে। প্রতি থানায় ডেডিকেটেড গাড়ি দিতে হবে। এ বারের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যের ৫৫২টি থানায় একটি করে ১১২টি গাড়ি পৌঁছে যাবে পুজোর আগেই। মহালয়ায় গাড়িগুলি প্রকাশিত হবে ব্রিগেডে।’
বিধানসভা নির্বাচন–পরবর্তী হিংসা প্রায় নেই বলে জানিয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুর্নীতিদমন শাখার ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। নিচুস্তরের পুলিশকর্মীদের আর্থিক সহায়তার কথা জানিয়ে শুভেন্দু বলেন, ‘পুজোর মাসে রেশনে দু’হাজার টাকা এবং ২০ শতাংশ ডিএ–সহ অগ্রিম বেতন দেওয়া হবে। তবে লোভ সংবরণের কথাও স্মরণ করিয়ে বলেন, ‘অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (এসিবি) সক্রিয় হয়েছে। এক কনস্টেবল ধরা পড়েছে।’ ছ’মাসের মধ্যে এসিবিকে আরও শক্তিশালী করা হবে।