• বিতর্কে ভাগবতের মার্কিন সভা, ভিসা বাতিল ও নিষেধাজ্ঞার দাবি
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • এই সময়: নিউ ইয়র্কে আরএসএস প্রধান মোহন ভাগবতের আসন্ন সভা ঘিরে উত্তেজনা ও বিতর্ক থামছেই না। ভাগবতের ভিসা বাতিল করে দেওয়ার দাবি তুলেছে আমেরিকার একাধিক সংগঠন। তার মধ্যে রয়েছে ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশন্যাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ)। এই কমিশনটির চেয়ারম্যান পাকিস্তানি বংশোদ্ভূত আসিফ মাহমুদ। এই কমিশন আরএসএসের সদস্যদের উপরে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়েছে। যারা এই সভার আয়োজন করছে, সেই ‘আমেরিকান হিন্দুজ় ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (অ্যাহেড)-এর এক্স হ্যান্ডল সাসপেন্ড হয়ে রয়েছে আপাতত। সেটি খুলতে গেলে ‘আনঅ্যাভাইলেবল’ দেখাচ্ছে। যদিও ‘অ্যাহেড’–এর দাবি, কোনও ‘এরর’-এর কারণে অ্যাকাউন্টটি দেখতে পাওয়া যাচ্ছে না।

    ২৯ অগস্ট শনিবার, ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে ভাগবতের বক্তৃতা দেওয়ার কথা। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’। ওই অনুষ্ঠান আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে অনাবাসী ভারতীয়দের জন্য করা হচ্ছে। হাজার পাঁচেক অনাবাসী ভারতীয়ের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। ইউএসসিআইআরএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘আরএসএস সদস্য ও যে সব ভারতীয় অফিসার ধর্মীয় স্বাধীনতার অধিকার হরণ করেছেন তাঁদের সকলের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। মোহন ভাগবতের ভিসা প্রত্যাহার করে নেওয়া হোক ও ভবিষ্যতে তাঁকে যেন আমেরিকায় প্রবেশ করতে না দেওয়া হয়।’ এর আগে নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জ়োহরান মামদানি খোলাখুলি ভাগবতের সভার কড়া বিরোধিতা ও সমালোচনা করেছেন। তবে তিনি বলেন, প্রাইভেট সভা বন্ধ করার এক্তিয়ার তাঁদের নেই। ‘হিন্দুজ় ফর হিউম্যান রাইটস’ নামের আর একটি সংগঠন তার সদস্যদের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে টেলিফোন করে ভাগবতের অনুষ্ঠান বাতিল করার অনুরোধ জানাতে বলেছে। এ ছাড়া, বেশ কিছু শিখ, দলিত, মুসলিম ও নাগরিক অধিকার সংগঠন ভাগবতের সভার বিরোধিতা করছে।

    ইউএসসিআইআরএফ-এর এই বিরোধিতা ও অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক পাল্টা বলেছে সংগঠনটি পক্ষপাতদুষ্ট ও তাদের কোনও যোগ্যতা নেই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ক’দিন আগেই বলেন, এই কমিশন বহু বছর ধরে ভারতের সম্পর্কে মিথ্যা ও প্ররোচনামূলক বিবৃতি দিয়ে আসছে। আরএসএসের জাতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর জানিয়েছেন, ভাগবত ‘ইউনিভার্সাল ওয়াননেস’ অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সঙ্গে কথা বলবেন। এ দিকে, ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যাঁরা ওই অনুষ্ঠানে যাবেন, তাঁদের উদ্দেশ্যে একটি অ্যাডভাইজ়রি জারি করেছে। তাতে বলা হয়েছে, সতর্ক থাকতে, আশপাশের পরিবেশের উপরে নজর রাখতে, কথাবার্তা ও আলোচনা ভদ্র ও সৌহার্দ্যপূর্ণ রাখতে। আমেরিকার বিভিন্ন সংগঠন হিন্দুদের টার্গেট করে আরএসএস সরসঙ্ঘচালকের এই অনুষ্ঠান বাতিল করার চেষ্টা চালাচ্ছে, সেই কারণেই এই অ্যাডভাইজ়রি বলে তাদের বক্তব্য।

    ক্যানাডাতেও ভাগবতের সভা হওয়ার কথা অগস্টের শেষে। সেখানেও বিরোধিতা করছে রাজনৈতিক দল এনডিপি, ওয়ার্ল্ড শিখ অর্গানাইজ়েশন, ন্যাশন্যাল কাউন্সিল ফর ক্যানাডিয়ান মুসলিমস-সহ বেশ কিছু সংগঠন। তবে পাল্টা একশোরও বেশি সংগঠন ভাগবতের সফরের সমর্থনে ক্যানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নিকে চিঠি লিখেছে। সেই চিঠিতে বলা হয়েছে, ক্যানাডার প্রায় ১০ লক্ষেরও বেশি হিন্দুর কাছে ভাগবতের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘হিন্দু শিখ ফোরাম ক্যানাডা’ তাদের এক্স হ্যান্ডেলে ভাগবতের সফরকে স্বাগত জানিয়েছে।

  • Link to this news (এই সময়)