এই সময়, পানিহাটি: ৬২ বছরের পুরোনো একটি দুর্গাপূজা বন্ধ করার চেষ্টার অভিযোগ উঠল হিন্দুদেরই একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত মঙ্গলবার পুজো করার দাবিতে ওই ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখান পানিহাটি ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় রোডের বাসিন্দারা। খড়দহ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও এই বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান পানিহাটি উন্নয়ন ট্রাস্ট নামে একটি সংস্থার মাধ্যমে পানিহাটি গঙ্গার তীরবর্তী বেশ কিছু জমি কিনে নিয়েছে। যদিও এলাকাবাসীর দাবি, ওই প্রতিষ্ঠান জোর করেই জমি দখল করেছে। যা নিয়ে আদালতে মামলাও চলছে।
এলাকাবাসীর দাবি, স্থানীয় গড়ভবানী সোশিও কালচার ক্লাব, মহুয়ার সব পেয়েছি আসর এবং কলুর মাঠ নিজেদের বলে দাবি করছে ওই প্রতিষ্ঠান। এই কলুর মাঠেই এলাকাবাসী ৬২ বছর ধরে দুর্গাপুজো করে আসছেন। অভিযোগ, ওই মাঠ পাঁচিল দিয়ে ঘিরে তালা ঝুলিয়ে দিয়েছে ওই প্রতিষ্ঠান। সম্প্রতি এলাকার মহিলারা ওই প্রতিষ্ঠানের কাছে পুজোর অনুমতি চাইতে গিয়েছিলেন। কিন্তু তারা পুজো করতে দিতে নারাজ।
শ্রাবণী চট্টোপাধ্যায় নামে এক স্থানীয় বাসিন্দার দাবি, 'আমরা পাঁচজন মহিলা গিয়েছিলাম পুজোর জন্য মাঠের দাবিতে। কিন্তু ওই ধর্মীয় প্রতিষ্ঠানের লোকজন দুর্ব্যবহার করে আমাদের পুজো বন্ধ করে দিতে বলেছে। এখানকার গঙ্গার ঘাটে কাউকে যেতে দেওয়া হয় না। কোনও মাঙ্গলিক বা শ্রাদ্ধানুষ্ঠানও করতে দেওয়া হচ্ছে না।'
কাঞ্চন সরকার নামে এক ব্যক্তির দাবি, '২০১৪ সাল থেকে এই সমস্যা শুরু হয়েছে। আদালতে মামলা চলছে, তার পরও ওরা পুজোর মাঠেতালা ঝুলিয়েছে।' এ বিষয়ে মুখ খুলতে নারাজ ওই ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তারা। তাঁদের দাবি, 'প্রশাসন বৈঠকে ডেকেছে, যা বলার সেখানেই বলব।'