• দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে রাখি বোনের
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • এই সময়, সোনারপুর: দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দাদার। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়ার আগে দাদার নিথর হাতেই রাখি পরালেন বোন। হৃদয়বিদারক এই দৃশ্যের সাক্ষী থাকলেন সোনারপুর থানায় উপস্থিত বহু মানুষ। দাদার হাতে শেষ বার রাখি পরাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের বোন। কাঁদতে কাঁদতে ওই তরুণীর আর্তনাদ, 'শেষ রাখি পরিয়ে দিলাম। আর কোনও দিন রাখি পরাতে পারব না তোকে!'

    বৃহস্পতিবার বারুইপুর থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের। মঙ্গলবার রাতে বারুইপুরে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন যাদবপুরের পাঁচ যুবক। ভোরে একটি গাড়িতে করে তাঁরা কামালগাজির দিকে ফিরছিলেন। চৌহাটি সংলগ্ন এলাকায় একটি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। পরে পাঁচিলেও ধাক্কা লাগে। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটির সামনের ও পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়, খুলে যায় টায়ার। কয়েক সেকেন্ডেই দামি গাড়ি দলা পাকিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। মৃতদের নাম সাগ্নিক সেন (২১) ও শৌনক ভট্টাচার্য (২২)। তাঁরা যাদবপুরের বাসিন্দা। গাড়িতে থাকা আরও তিন যুবক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও আহত প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। গাড়িটি কমপক্ষে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেপরোয়া গতিতে চলছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় গাড়ির সওয়ারিরা মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা সেই প্রশ্নও উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

    খবর পেয়ে বুধবারই পরিবারের সদস্যরা সোনারপুর থানায় পৌঁছন। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়ার আগে মৃত দাদার হাতে রাখি পরিয়ে দেন সাগ্নিকের বোন। সেই দৃশ্য দেখে থানায় উপস্থিত অন্যদের চোখেও জল চলে আসে।

  • Link to this news (এই সময়)