এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ১৯ অগস্ট রাতে এবং ২০ অগস্ট দিনভর হওয়া ঘটনাবলির সত্য সামনে আনার লক্ষ্যে বৃহস্পতিবার প্রথম বৈঠক করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিযুক্ত অভ্যন্তরীণ তদন্ত কমিটি। চার সদস্যের ওই কমিটির মাথায় রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। ওই কমিটি খুব শিগ্গিরি একটি সাধারণ বিজ্ঞপ্তি বা পাবলিক নোটিস জারি করতে চলেছে। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার প্রত্যক্ষদর্শী কিংবা ওয়াকিবহাল যে কোনও কারও কাছ থেকে লিখিত বয়ান, ছবি ও ভিডিয়ো ফুটেজ চাওয়া হবে ঠিক কী ঘটেছিল, তার প্রমাণ হিসেবে।
এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে অভ্যন্তরীণ তদন্ত কমিটির বৈঠক। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেলের ডিরেক্টর, অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায় ওই কমিটির অন্যতম সদস্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই আধিকারিকও সদস্য হিসেবে রয়েছেন ওই কমিটিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত এ দিন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের পরে কমিটির চেয়ারম্যান, বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় এ দিন জানান, তদন্তের সঠিক পদ্ধতি ও আগামী দিনে কাজের রূপরেখা ঠিক করতেই প্রথম বৈঠকটি ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘কমিটি শিগ্গিরি একটি বিজ্ঞপ্তি জারি করবে। ১৯ ও ২০ অগস্টের ঘটনা সম্পর্কে যাঁদের কাছে কোনও তথ্য, ছবি বা ভিডিয়ো রয়েছে, সেগুলি তাঁদের জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ওই সব জমা দিতে ন্যূনতম ১০ দিনের একটি সময়সীমা দেওয়া হবে। জমা পড়া তথ্য, নথি খতিয়ে দেখার পরে আমরা প্রয়োজন মতো বিভিন্ন লোকজনকে ডেকে পাঠাব।’ বিচারপতি চট্টোপাধ্যায় জানান, কমিটির পরবর্তী বৈঠক আগামী ১৫ সেপ্টেম্বর হবে।
কমিটির এক সদস্যের কথায়, ‘এই তদন্তপ্রক্রিয়া শেষ করতে ঠিক কতটা সময় লাগবে, তা এই মুহূর্তে বলা বেশ কঠিন। গোটা বিষয়টি নির্ভর করছে কতগুলি অভিযোগ রয়েছে এবং কী ধরনের তথ্য আমাদের হাতে আসছে, সে সবের উপর।’ তবে তদন্তে যাতে অযথা কালক্ষেপ না–হয়, সে ব্যাপারে কমিটি আশ্বাস দিয়েছে। শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে বিভিন্ন মতাদর্শের ছাত্রছাত্রীদের সংগঠন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কমিটি জানিয়েছে, তারা সব পক্ষের সঙ্গেই আলোচনায় বসবে। ভবিষ্যতে যাতে এই ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না–ঘটে, সে কথা মাথায় রেখেই তদন্ত শেষে অভ্যন্তরীণ কমিটি কিছু সুপারিশ করতে চায়।