• শিয়ালদহ ডিভিশনে ফের ট্র্যাফিক ব্লক, বাতিল একাধিক লোকাল, দমদমেই থামবে লালগোলা-শিয়ালদহ
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • রেললাইনে মেরামতির কাজের জন্য শিয়ালদহ ডিভিশনের কয়েকটি শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে পূর্ব রেল। রবিবার ৩০ অগস্ট রাত ১২টা থেকে শুরু হবে কাজ। চলবে সোমবার সকাল ৭টা পর্যন্ত। এর জন্য ট্র্যাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের লাইন বদলানোর জন্য যে পয়েন্ট থাকে তার বেশ কিছু অংশে মেরামতির কাজ চলবে। আবার নতুন করে তৈরি করা হবে বেশ কিছু অংশ। পাশাপাশি পুরোনো ট্র্যাকের কিছুটা বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও, দু’টি রেললাইনের অংশ যেখানে জোড়া থাকে, সেই সব জায়গার পুরোনো যন্ত্রাংশও বদলে ফেলবে পূর্ব রেল।

    এই কাজের জন্য শিয়ালদহ স্টেশনের কয়েকটি লাইনে ট্রেন ঢোকা-বেরোনোর ক্ষেত্রে সাময়িক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। তবে যাত্রীদের অসুবিধা কমাতে রাত ১২টা থেকে ভোর ৭টা পর্যন্ত সময়কেই কাজের জন্য বেছে নিয়েছেন রেল কর্তৃপক্ষ।

    রবিবার শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার শিয়ালদহ–হাবরা শাখার ৩৩৬৫১ UP/৩৩৬৫২ DN এবং ৩৩৬৫৩ UP/৩৩৬৫৪ DN, শিয়ালদহ–কল্যাণী সীমান্তের ৩১৩১৩ UP/৩১৩১৬ DN, শিয়ালদহ–ডানকুনির ৩২২১৭ UP/৩২২১৮ DN এবং শিয়ালদহ–রানাঘাটের ৩১৬১৫ UP/৩১৬২০ DN লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়াও লালগোলা–শিয়ালদহ ৫৩১৭২ DN লোকাল শিয়ালদহ পর্যন্ত না গিয়ে দমদম জংশন পর্যন্ত যাবে। পরে খালি রেকটি উপযুক্ত ব্যবস্থায় শিয়ালদহে নিয়ে আসা হবে।

    রেলের দাবি, কাজ শেষ হলে ট্রেন চলাচল আরও নিরাপদ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং-সহ বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে বিশেষ দল তৈরি করা হয়েছে। পরিষেবায় পরিবর্তনের কথা শিয়ালদহ স্টেশন থেকে নিয়মিত ঘোষণা করবেন রেল কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)