• ভিসা বাতিল না হলে কী যে হতো, ভেবে শিউরে উঠছেন তপতী
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • প্রবাদ আছে, ‘রাখে হরি,মারে কে?’ তপতী সিংহর ক্ষেত্রে যেন এই প্রবাদ সত্য হয়ে উঠল। কিছুদিন আগে কেনাকাটা সেরে নেপাল বেড়াতে যাওয়ার জন্য একদম তৈরি ছিলেন তপতী। ট্রেকিংয়ের জন্য প্রশিক্ষণও নিয়েছিলেন। কলকাতার একটি ট্র্যাভেল এজেন্সির সঙ্গে মে মাস থেকেই তিনি ১৩ দিনের এই সফরের তোড়জোড় করছিলেন জোরকদমে। কিন্তু শেষ মুহূর্তে মানসরোবরে যাওযার জন্য চিনের ভিসা পাননি তিনি। সব আনন্দ মাটি হয়ে যায়।

    ৬১ বছরের তপতী সিংহ প্ল্যান করেছিসেন পুজোর আগে কৈলাস-মানসরোবর ঘুরে আসবেন। সেই মতো তিনি যোগাযোগ করেছিলেন কলকাতার এক ট্র্যাভেল এজেন্সির সঙ্গে। সব ঠিক থাকলে ২১ অগস্ট তাঁদের নেপাল রওনা হওয়ার কথা ছিল। সেই দলে তিনি ছাড়াও আরও ৩২ জনের নেপাল যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা না পেয়ে নেপাল যাওয়ার প্ল্যান বাতিল করে তিনি লাদাখে যান।

    লাদাখ থেকে বৃহস্পতিবার কলকাতায় ফেরার পথে তিনি নেপালের এই বিপর্যয়ের খবর পান। তিনি জানতে পারেন, যে দলের সঙ্গে তিনি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন, তাঁদের অনেকেই ওই হড়পা বানে এখনও নিখোঁজ। আকস্মিক এই খবর সামনে আসার পর তিনি বুঝতে পারেন, সেই ভিসা বাতিল হওয়াই যেন তাঁর কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। যদি ভিসা বাতিল না হতো, তাহলে হয়তো তিনিও নেপালের বিপর্যয়েই আটকে পড়তেন।

    সংবাদসংস্থা PTI-কে তপতী জানিয়েছেন, যে ট্র্যাভেল এজেন্সির সঙ্গে যাওয়ার কথা ছিল, তাদের নেপালে অবস্থিত সহযোগী সংস্থা এখনও ওই দলের অনেকের সঙ্গেই যোগাযোগ করতে পারেনি।

  • Link to this news (এই সময়)